২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি

কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 10:10 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

জামিন শুনানির সময় খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি সংক্রান্ত হাই কোর্টের জ্যেষ্ঠ একটি বেঞ্চের আদেশের প্রসঙ্গ উঠে এল বিচারপতি মো.শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি শুরু করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক।

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির একটি মামলায় জামিন চেয়ে করা আবেদনটি নিষ্পত্তি করে গত ৩১ মে আদেশ দেয় আদালত।

“সেদিন আবেদনটি নিষ্পত্তি করে দিলেও মৌখিক আদেশে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল গ্রেপ্তার দেখাতে খালেদা জিয়ার পক্ষে সংশ্লিষ্ট আদালতে যে আবেদন করা হয়েছে, তা গ্রহণ করে নিষ্পত্তি করার জন্য। কিছু পর্যবেক্ষণসহ সেই আদেশটিই বুধবার প্রকাশ হয়েছে।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার জামিন ও গ্রেপ্তার চেয়ে করা আবেদনের বিষয়ে হাই কোর্ট পর্যবেক্ষণে বলেছে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের মনে রাখা উচিত যে আবেদনকারী যেখানে অন্য মামলায় কারাগারে রয়েছেন সেখানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর প্রতিবেদনের জন্য আদালতের অপেক্ষা করারই প্রয়োজন ছিল না।”

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন গ্রহণের নামে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নিষ্পত্তিতে অপ্রয়োজনীয়ভাবে দেরি করেছেন, যা আদালত কর্ম প্রক্রিয়ার অপব্যবহারের শামিল বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

এ আইন কর্মকর্তা বলেন, “দ্রুততার সঙ্গে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে সাত পৃষ্ঠার আদেশে।”

আমিন উদ্দিন বলেন, কুমিল্লার এই মামলায় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জামিন আবেদনে শুনানি না করে হাই কোর্টের এ আদেশটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ মামলাতেও খালেদা জিয়াকে গ্রেপ্তার চেয়ে করা আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চান।

এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি আদালতকে জানান, আদেশটি তিনি এখনও দেখেননি। পরে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।

গত মঙ্গলবার জামিনের এ আবেদন করেন খালেদা জিয়া।

২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ এ মামলা করে।

পুরনো খবর:

কুমিল্লার এক মামলায় হাই কোর্টে জামিনের আবেদন খালেদার