২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিদ্যুৎখাতের বিভিন্ন কোম্পানিতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 10:30 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

মঙ্গলবার ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি জানান তারা।

বিতরণ কোম্পানি বিপিডিবি, ডেসকো, ডিপিডিসি ও জেনারেশন কেম্পোনি এপিএসসিএল এর কর্মীরা এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বলেন, “বিভিন্ন কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয়টি প্রায়ই লংঘন করা হয়। এতে জ্যেষ্ঠ কর্মীরা কর্মক্ষেত্রে নানা সমস্যার মধ্যে পড়েন।”

কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করার দাবিও জানান প্রকৌশলী নেতারা।

সমিতির নেতা ফজলুর রহমান খান, শাসমুর রহমান খানও একই ধরনের দাবি জানান।

এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এ এমএম সাজ্জাদুর রহমান বলেন, জ্যেষ্ঠতা বিবেচনায় নিয়েই তার কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতি হয়ে থাকে। তবে এক্ষেত্রে সারা বছরের কর্মকাণ্ডকেও বিবেচনায় নেওয়া হয়। সে কারণে অনেক সময় জ্যেষ্ঠতা বিষয়টি অনেক সময় ঠিক থাকে না।

ইফতার অনুষ্ঠানে চারটি কোম্পানির কয়েকশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন।

পিডিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেসকোর এমডি ব্রিগেডিয়ার জেনারেল শহিদ সারওয়ার, ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান বক্তব্য রাখেন।