২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 09:19 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

সোমবার গণভবনে রাজনীতিকদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সাগরের তলদেশ থেকে মহাকাশে বিচরণ করবার যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, আমরা আপনাদের কাছে সেই কামনা করি।”

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেওয়া ইফতারে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগ দেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্র সুদৃঢ়, মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। অর্থনীতির ভিত্তিও যথেষ্ট শক্তিশালী।”

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনার জন্য আহ্বান জানান।

“সকলে দোয়া করবেন যেন, বাংলাদেশের সকল জনগণ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন আলো জ্বলে, প্রতিটি ঘর যেন শিক্ষার আলোয় আলোকিত হয় সেটাই আমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি।     

“যে চেতনা, আশা ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো।”

প্রধানমন্ত্রী বলেন, “একসময় খাদ্য, চিকিৎসা, বাসস্থানের অভাব ছিল। আজকে বাংলাদেশের দিন বদল শুরু হয়ে গেছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের উন্নতি হচ্ছে।”

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার প্রত্যয় পুর্নব্যক্ত করেন তিনি।

সচরাচর ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায় না শেখ হাসিনাকে। এদিন বক্তব্য দেওয়ার ব্যাখ্যাও দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, “আমি এ পর্যন্ত কোনো ইফতারে কথা বলিনি। আজকে যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এসেছেন। সকলের সাথে এভাবে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। সেইজন্যই আমি সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি।

“গণভবনের মাটি ধন্য হয়েছে। এই গণভবন আপনাদেরই।” 

স্পিকার শিরিন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ সাম্যবাদী দলের দিলীপ বড়ূয়া, বিএনএ সভাপতি নাজমুল হুদা প্রধানমন্ত্রী সঙ্গে মঞ্চে বসে ইফতার করেন।

এছাড়া অন্যান্য মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা ইফতার মাহফিলে ছিলেন।