এসএসসি: ঢাকায় পুনঃনিরীক্ষণে হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে মাধ্যমিকের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করেছে আটটি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
পুনঃনিরীক্ষায় এবার ঢাকা বোর্ডের এক হাজার ৯৯০ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। অনেকে ফেল থেকে পাস করেছেন, অনেকের বেড়েছে জিপিএ; কারো কারো মিলেছে জিপিএ-৫।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে ৭ থেকে ১৩ মে পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করেন শিক্ষার্থীরা।
বোর্ড কর্মকর্তারা জানান, একটি বিষয়ে শিক্ষার্থী যত নম্বর পেয়েছেন, খাতার উপরে পরীক্ষক বৃত্ত ভরাটে ভুল করছেন কি না, কোনো প্রশ্নের উত্তরে নম্বর দেওয়া বাদ আছে কি না এবং মোট যোগফল ঠিক আছে কি না- পুনঃনিরীক্ষণে সেসব বিষয় দেখা হয়।
এর বাইরে অন্য বিষয়গুলো দেখা হয় না জানিয়ে একজন কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ফল পুনঃমূল্যায়ন চাইলেও তা করা যাচ্ছে না। প্রবিধানমালা পরিবর্তন না হওয়া পর্যন্ত উত্তরপত্র পুনঃমূল্যায়ন করা যাবে না।
