উত্তরের ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা কোনাবাড়ি-এলেঙ্গায়
জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ঈদের আগে কোনাবাড়ি ও এলেঙ্গাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের ভোগান্তির শঙ্কা প্রকাশ করেছেন চালকরা।
বুধবার বগুড়াগামী একতা পরিবহনের একটি বাসে ঢাকার মহাখালী টার্মিনাল থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত গিয়ে তাদের কথার কিছুটা সত্যতা পাওয়া গেছে; সড়কের ৯৬ কিলোমিটার অংশ যেতে সময় লেগেছে সাড়ে পাঁচ ঘণ্টা।
দেখা গেল, গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ছয় লেনের সড়কের দুপাশের দুটি লেন ব্যবহার করা যায় না। বিভিন্ন অংশে পানি জমে আছে; যানবাহন রেখে দেওয়ায়ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
কয়েকদিন বৃষ্টিপাত না হলেও এই সড়কের কুনিয়া তারগাছ বোর্ড বাজার হয়ে চৌরাস্তা পর্যন্ত দুপাশে কাদা-পানি জমে আছে। বোর্ড বাজার থেকে চৌরাস্তা বাইপাস পর্যন্ত সড়কে নিষ্কাশন নালা বসানোর কাজ চলায় দুপাশ থেকে সড়ক চেপে গেছে।
ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত সড়ক ইতিমধ্যে চার লেন করা হয়েছে; নাওজোর থেকে কোনাবাড়ি পর্যন্ত সড়কের কাজ এখনও শেষ হয়নি। এই সড়কের কোথাও বড় ধরনের যানজট না পড়লেও গাড়ি চলছে ধীরে ধীরে; কোনাবাড়ি পর্যন্ত যেতে বেলা ১১টা বেজে যায়।
কোনাবাড়ি গিয়েই ফ্লাইওভার নির্মাণ এলাকায় যানজটে পড়তে হল। ফ্লাইওভারের পায়ারের ওপর গার্ডার বসানো হচ্ছে। এজন্য সড়কের একপাশে এক লেনে যানবাহন চলছে। সড়ক এবড়োখেবড়ো হওয়ায় যানবাহন চলছে ধীরে।
আবার আশপাশের সড়কগুলো থেকে যানবাহন মূল সড়কে ওঠার সময়ও চলাচল বাধা পাচ্ছে। এ কারণে দুপাশেই গাড়ির দীর্ঘ জট লেগেছে। এভাবে কোনাবাড়ির ফ্লাইওভারের অংশ পার হতে বেজে যায় সোয়া ১২টা।
তবে বুধবারের এই যানজটও অন্য সময়ের তুলনায় অনেক কম বলে মনে করেন বগুড়ার ট্রাকচালক হীরেন চন্দ্র বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে তার সাড়ে তিনঘণ্টা সময় লেগেছে।
“এলেঙ্গা থেইকে জ্যাম শুরু হয়। হেরপরে ধরেন জায়গায় জায়গায় থামা লাগে। বিরিজের কাম হচ্ছে। এলা শেষ কইরে চান্দরার জ্যামে পড়া লাগে। ঈদের সময় তো জ্যাম আরও বাড়বি।”
চন্দ্রায় এসে কথা হয় ঢাকা-রংপুর রুটের এস আর পরিবহনের বাসের চালক রুবেল হোসেনের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি বলেন, ঈদের আগে গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, চন্দ্রা এলাকায় যানজট বেশি হওয়ার সম্ভাবনা আছে।
“আমি গতরাতেও কয়েক ঘণ্টা যানজট ঠেইলা আসছি। তয় আজ ঢাকা থেকে যাওয়ার সময় যানজট কিছুটা কম। ঈদের সময় জ্যাম অবশ্যই বাড়ব। কারণ হেইসোম গাড়ির চাপ অনেক বাইড়া যায়, রাস্তা অনেক জায়গায় এখনও ভালো না।”
চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কের বেশিরভাগ কাজ হয়ে গেছে। কালিয়াকৈর রেলওভারপাস সরু হওয়ায় সেখানে যানবাহনে জট লেগে যায়। আবার কালিয়াকৈর বাইপাসে একটি নির্মাণাধীন সেতুর কারণে যানবাহন চলে ধীরে। গোড়াই এলাকায় এখনও সড়ক চার লেন হয়নি। এখানে সড়কেও খানাখন্দ রয়েছে।
দেরুয়া রেলক্রসিংয়েও দুটি লেনে যানবাহন চলে। মির্জাপুর বাইপাস সড়কের একটি অংশে খানাখন্দের কারণে গাড়ির গতি কমে যায়। মহাসড়কের শুভুল্লা, আকলিমতলা, পাকুল্লা, জামুর্কী, আমলাপাড়া এবং করাতিপাড়ায় সেতু নির্মাণ করা হচ্ছে। এসব সেতুর কাছে এসে যানবাহনের গতি কমে যায়।
টাঙ্গাইল বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে নির্মাণকাজ চলছে। এ অংশেও কয়েকটি সেতু নির্মাণাধীন। এছাড়া পুরোনো সেতুগুলোর অ্যাপ্রোচ রোড ভাঙা। সড়কের এ অংশেও যানবাহন চলে ধীরে ধীরে।
এলেঙ্গা বাজার অংশেও যানবাহন ধীরে চলে, সড়কের খানাখন্দ ভরে তাতে পিচ ঢালাই করছেন সড়ক বিভাগের কর্মীরা। দুপুর আড়াইটায় একতা পরিবহনের বাসটি এলেঙ্গা পৌঁছায়।
বাসের চালক নাসির উদ্দিন জানান, তিনি বেশ আগেই চলে এসেছেন। তবে ঈদের সময় অতটা তাড়াতাড়ি আসা যাবে না বলে দাবি করেন তিনি।
“এই রাস্তা আসতে তো আট-নয় ঘণ্টাও লেগে যায়। আইজকা তো মনে হয় আগেই চলে আসলাম। কিন্তু ঈদের সময় এইরম তাড়াতাড়ি আসা যাবে না।”
এলেঙ্গা বাজারে কথা হয় রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের চালক শাহ আলমের সঙ্গে। তিনি বলেন, এসব সেতু খুলে না দিলে ঈদের আগে যানজট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
“ওই ব্রিজগুলায় আইসা গাড়ি জইমা যায়। এইসব ব্রিজের লেভেল রাস্তার লেভেলের চাইতে বেশি, যে কারণে ব্রিজে ওঠানামার সময় ঝাঁকুনি লাগে। এজন্য গাড়ি খুব আস্তে চালাতে হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সরু সড়কের কারণে এসব এলাকায় যানজট হতে পারে।
“দেরুয়া রেলক্রসিংয়ে সিঙ্গেল লেন আবার ফোর লেন ধরে গাড়িগুলো এলেঙ্গা এসে সিঙ্গেল লেন হয়ে যায়। এ কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়তে পারে। এই দুটো জায়গা আমাদের কী পয়েন্ট। ঈদের সময় সমস্যা হলে এই দুইটা জায়গায় হতে পারে।”
তবে হানিফ পরিবহনের রংপুর রুটের বাসের চালক মো. সাইজুদ্দিন মনে করেন, প্রশাসন কঠোর হলে এবার যানজট আগের মতো হবে না।
“ঈদের সময় গাড়ির চাপতো একটু বাড়বোই। জ্যাম বাধায় ড্রাইভাররা নিজেরা। পুলিশ যদি তৎপর হয়, তাইলে উল্টাপাল্টা জ্যাম হইবো না।”
তবে এবার বেশি যানজট হবে না বলে দাবি করেন হাইওয়ে পুলিশের গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সড়কের এবারের পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় চওড়া করে দেওয়া হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় ছোটখাট খানাখন্দগুলো ঠিক করা হচ্ছে। এগুলো হয়তো ঈদের আগে শেষ হয়ে যাবে।
জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা চার লেন প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে কোনো যানজট হবে না। যেসব এলাকায় ফ্লাইওভার হবে, আন্ডারপাস হবে এসব বাদ দিলে প্রায় সবখানেই রাস্তার কাজ প্রায় শেষ। প্রতিটা সেতুর অ্যাপ্রোচে ত্রিশ চল্লিশ মিটার করে সড়কের কাজ বাকি আছে। এগুলোও আমরা ঈদের আগেই করে দেব।”
“কোনো অঘটন না ঘটলে ঈদের আগে কোনো যানজট হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এখন সবই তো আল্লাহর ইচ্ছা।”
