২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিনা হোসেন আরও এক বছর শিশু একাডেমির চেয়ারম্যান

শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে আবারও আরও এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 05:14 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

আগামী ১ জুন বা যোগদানের তারিখ থেকে সেলিনাকে এই একাডেমির চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৪ সালের ৮ মে শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সেলিনা হোসেন। ২০১৬ সালের ১৮ মে তাকে পুনরায় ওই পদে নিয়োগ দেয় সরকার।

শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে সেলিনাকে অবৈতনিকভাবে নিয়োগের কথা জানিয়ে আদেশে বলা হয়েছে, বোর্ড অব ম্যানেজমেন্টের প্রতিটি সভায় যোগদান করার জন্য প্রচলিত এবং সরকারি বিধান অনুযায়ী তিনি সম্মানী ভাতা পাবেন।

“বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্যরা যেসব সুবিধা ভোগ করবেন চেয়ারম্যান হিসেবে তিনি সেসব সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রশাসনিক অর্থাৎ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি লিখে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে পারবেন। সরকার ইচ্ছা করলে এই নিয়োগ বাতিল করতে পারবে।

একাডেমির চেয়ারম্যান হিসেবে সেলিনা হোসেন সংশ্লিষ্ট আইন ও তার অধীন প্রণিত প্রবিধান অনুযায়ী বাংলাদেশ শিশু একাডেমি পরিচালনার জন্য দায়ী থাকবেন বলেও আদেশে বলা হয়েছে।

আলদা আদেশে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত পুলিশ কর্মকর্তা মো. আজিজুর রহমান চৌধুরীর অভোগকৃত পিআরএল বাতিল করে দুই বছরের চুক্তিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক কাম অধ্যাপক পদে চুক্তিতে নিয়োজিত ডা. মো. বদরুল আলম মন্ডলের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩০ জুন বা যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।