২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআই আইনে শাস্তি বাড়ছে

বিভিন্ন অপরাধের জন্য শাস্তির পাশাপাশি জরিমানার পরিমাণ বাড়িয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 02:32 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৮৫ সালের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন অর্ডিনেন্সকে সংশোধন করে নতুন আইন করা হচ্ছে। তেমন বড় কোনো পরিবর্তন নেই, শাস্তিগুলো বাড়ানো হয়েছে।

লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ডস মান (বিএসটিআই-এর লোগো) ব্যবহার করলে ২ বছর কারাদণ্ড, অনদায়ে এক লাখ টাকা জরিমানা করা হবে। জরিমানা ২৫ হাজার টাকার কম করা যাবে না।

এই অপরাধের জন্য বর্তমান আইনে ছয় মাস কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানার বিধান আছে।

শফিউল জানান, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে রপ্তানি নিষিদ্ধ পণ্য রপ্তানি করলে এক বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। জরিমানা হবে কমপক্ষে ১০ হাজার টাকা। এই অপরাধের জন্য বর্তমান আইন অনুযায়ী অর্থদণ্ডসহ এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

“পণ্য বিক্রয়, বিতরণ, বাণিজ্যিক বিতরণ সংক্রান্ত প্রজ্ঞাপন লঙ্ঘণ করলে চার বছর কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। জরিমানা ৫০ হাজারের কম হবে না। এই অপরাধের জন্য আগে সাজা ছিল চার বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো অপরাধের জন্য এই আইনের কোনো ধারায় কাভার না করলে সর্বোচ্চ এক লাখ ও সর্বনিম্ন ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আগে কোনো ধারায় কাভার না করলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হত।

প্রস্তাবিত বিএসটিআই আইনে একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে জানিয়ে শফিউল বলেন, কেউ সংক্ষুব্ধ হলে আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে আপিল করতে পারবেন।

জাতীয় পাটনীতি অনুমোদন

পাঁচটি বিষয়কে কৌশলগত অগ্রাধিকার দিয়ে ‘জাতীয় পাটনীতি-২০১৮’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১১ সালে পাটনীতি করা হয়, সেটাকে যুগোপযোগী করে নতুন করে করা হয়েছে।

“আগেরটার থেকে বেশি বড় পার্থক্য নেই। কিছু নতুন সংযোজন আছে। আগে সংজ্ঞা দেওয়া ছিল না, নতুন করে সংজ্ঞা দেওয়া হয়েছে। আগে ভিশন অনেক বড় ছিল, প্রায় এক পৃষ্ঠা।

“এখন ভিশনে বলা হয়েছে- ‘দেশে বিদেশে প্রতিযোগিতা সক্ষম শক্তিশালী পাটখাত প্রতিষ্ঠা’। মিশন হল- ‘উৎপাদশীলতা, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পরিবেশবান্ধব বহুমূখী পাটপণ্য সৃজন করা’।”

নতুন পাটনীতিতে মানসম্মত পাট উৎপাদন, পাটের নায্যমূল্য নিশ্চিতকরণ, পাটপণ্যের বহুমূখীকরণ, পাটকলগুলোর আধুনিকায়ন এবং পাটের বাজার সম্প্রসারণকে কৌশলগত অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শফিউল বলেন, জাতীয় পাটখাত সমন্বয় কমিটিকে নীতিমালার মধ্যে আনা হয়েছে, এই কমিটিকে আগে পরিশিষ্টে রাখা হয়েছিল।

এছাড়া পাট, পাটজাত পণ্য, বহুমূখী পাটজাত পণ্য, পাট ব্যবসায়ীসহ কয়েক বিষয়ের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের রাজনীতি বন্ধের বিষয়ে সামরিক শাসনামলে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত ছিল, তা বাতিলে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রস্তাব মন্ত্রিসভায় তুললেও তা ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিউল বলেন, “মন্ত্রিসভা বলেছে, এটা পুরানো ইস্যু, পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে…। আরও অনেকগুলো ইস্যু আছে, সবগুলো আনতে হবে। একটা নিয়ে আলাপ করা ঠিক হবে না।”

ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হলে তা বাতিল করতে হলেও মন্ত্রিসভায় আনতে হয়।

সামরিক শাসনামলে প্রণীত আইনগুলোর মধ্যে যেগুলোর প্রয়োজন আছে তা যুগোপযোগী করে নতুন করে বাংলায় রূপান্তরে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তবে সামরিক শাসনামলে প্রণিত যেসব আইন প্রয়োজন নেই আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো বাতিল হয়ে যাবে।