মারা গেছেন দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মালেক
রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ক্ষুদ্র ব্যবসায়ী মালেক রশিদ (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মালেকের চাচাত ভাই জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে রোববার ভোর সোয়া ৩টার দিকে তার মত্যু হয়।
গত ১১ মে দুপুরে মিরপুরের গোড়ান-চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় লেগুনায় বাসের ধাক্কায় দুই
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হন। আহতদের মধ্যে মালেক রশিদও ছিলেন।
দুর্ঘটনার পরপরই স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানে প্রতিদিন লাখ টাকার মতো বিল উঠতে থাকায় পরিবারের আর্থিক সঙ্গতির কথা ভেবে তাকে মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
পরে ওই রাতেই সেখান থেকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
কারখানায় গার্মেন্ট এক্সেসরিজ সরবরাহ করে সংসার চালাতেন মালেক। দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন মিরপুর-২ নম্বরে এইচ ব্লকের একটি বাসায়।
