২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণের তাগিদ

বায়ান্নর ভাষা আন্দোলনের মতো ভাষার জন্য আসামের বরাক উপত্যকার শহীদদেরও স্মরণের তাগিদ এসেছে এক আলোচনা সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2018, 04:50 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বরাক উপত্যকার শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এই দিনটিকে বড় পরিসরে পালন ও স্মরণের আহ্বান জানান।

১৯৬১ সালের ১৯ মে অসমীয়া ভাষাকে রাজ্যভাষা করার সিদ্ধান্তের প্রতিবাদ করায় আসামের বরাক উপত্যকার ১১ জন বাঙালি শিলচর স্টেশনে পুলিশের গুলিতে শহীদ হন।

অনুষ্ঠানে বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী বলেন, “আমরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি বায়ান্ন সালে। তারই পথ ধরে ৬১ সালে আসামের বাঙালিরা বাংলা ভাষার মর‌্যাদা রক্ষায় প্রাণ দিয়েছেন।”

“কিন্তু এই দিনটি আরও গুরুত্বে সাথে যেমন মর‌্যাদা পাওয়ার কথা, তা পায়নি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের যে কোনো মায়ের ভাষাকে স্মরণ করার দিন। সেই একইভাবে আমরা কিন্তু ১৯ মে কে স্মরণ করতে পারি।”

বাংলা ভাষাকে বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “পত্র-পত্রিকা, ফেইসবুক, নাটক দেখলে বোঝা যায়, প্রতিনিয়ত বাংলা ভাষাকে বলাৎকার করা হচ্ছে। এর বিরুদ্ধে মনে হচ্ছে আমাদের আবার লড়তে হবে।”

লেখক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “বায়ান্ন সালের ভাষা আন্দোলন সারা পৃথিবীতে এতো আলোড়ন সৃষ্টি করেছিল, এর অভিঘাত বাঙালি সমাজ জীবনে, রাজনীতিতে, সাংস্কৃতিক জীবনে এতোটাই ছিল যার ফলে আর যে সমস্ত জায়গায় ভাষা আন্দোলন হয়েছিল তা ততোটা আলোচিত হয়নি।”

মানুষের রাষ্ট্রের পরিচয় বদলালেও তার ভাষার পরিচয় বদলাতে পারে না বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মধ্যে যে সংহতি রাষ্ট্রীয় ভূগোল তার জন্য কোনো বাধা না। তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। আরও যেন ব্যাপকভাবে ভালভাবে হয়, একুশে ফেব্রুয়ারির মতো করেই এই দিনটি পালন করতে হবে।”

অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন কিন্তু শেষ হয়নি, প্রতিদিনই চলছে। কারণ আসামে আন্দোলন করে ১১ জন শহীদ হয়েছেন, বাংলাদেশে কিন্তু বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষীরা খুবই প্রান্তিক অবস্থায় আছেন। সেখানে বাঙালিরা নিরাপত্তাহীনতায় আছেন। সেখানে বাঙালিরা বিপদগ্রস্ত। অস্তিত্বের সংকটে আছে।”

দেশে বসবাসরত অন্য ভাষাভাষীর মানুষের কন্ঠরোধ না করা এবং প্রতিবেশী দেশের বাংলা ভাষাভাষীদের সাথে যোগসূত্র বাড়ানোর ওপর জোর দেন তিনি।

‘একাত্তরের যাত্রী’র আয়োজনে ‘বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশের বাইর’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ঝর্ণা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সামাদ প্রমুখ।