২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ খাবার পেতে ভোক্তা সচেতনতাও প্রয়োজন: খাদ্যমন্ত্রী

রোজার সেহরি ও ইফতারে নিরাপদ খাবার নিশ্চিত করতে বিক্রেতার পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2018, 06:31 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচার চালিয়ে হোটেল মালিকদের ভালো খাবার বিক্রির প্রতিযোগিতা সৃষ্টি করা সম্ভব বলেও মনে করেন তিনি।

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটির বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (বিএফএসএন) আয়োজিত ‘রমজানে নিরাপদ খাদ্যের আলোকে ইফতার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়্যারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, বিসেফ ফাউন্ডেশনের সিইও আনোয়ার ফারুক ও বারডেম জেনারেল হাসপাতালের নিউট্রিশন বিভাগের প্রধান শামসুন নাহার নাহিদ বক্তব্য রাখেন। আলোচনা করেন ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁর কয়েকজন মালিকও।

খাদ্যমন্ত্রী বলেন, উৎপাদন, বিপণন ও খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্যের বিষয়ে সরকার কাজ শুরু করেছে। বিগত সময়ের চেয়ে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। নিরাপদ খাবার ও ইফতার নিশ্চিতে নানামুখী প্রচেষ্টা অব্যাহত থাকবে।

“তবে সরকার প্রচারাণায় সীমাবদ্ধ থাকবে না। নিরাপদ খাবার নিশ্চিতে ধীরে ধীরে কঠোর অবস্থানে যাবে সরকার।”

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়্যারম্যান মো. মাহফুজুল হক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে জেল-জরিমানা কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার চেয়েও আগাম সচেতনতামূলক কাজে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই জেলায় জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য স্থাপনা পরিদর্শন কাজ শুরু করেছেন তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যেই ঢাকার রেস্তোঁরাগুলোতে অবকাঠামোগত পরিস্থিতি দেখতে অভিযান শুরু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাশাপাশি রোজা উপলক্ষে গণমাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়ে প্রচার করা হচ্ছে জনসচেতনতামূলক বাণী।

ডা. শামসুন নাহার নাহিদ বলেন, “রমজানে বাহারি খাবারের মধ্যে দূষণ ও অনিরাপদ খাদ্যের উপস্থিতি বেড়ে যায়। একই তেল একাধিক দিন ব্যবহার করায় এতে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায়, যা নানা রোগের কারণ।”