২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণিল আতশবাজিতে স্যাটেলাইটের মহাকাশযাত্রা উদযাপন

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর সফল উৎক্ষেপণ স্মরণীয় করে রাখতে ঢাকাসহ সব জেলা সদরে আতশবাজি উৎসব করল সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 09:38 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং হাতিরঝিলে হয় আতশবাজি উৎসব।

হাতিরঝিলের এম্ফি থিয়েটারে এই আয়োজনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “পৃথিবীতে আমরা প্রথম জাতি যারা দেশের নামের সাথে ডিজিটাল যোগ করেছি। আমরা এতটুকু বিশ্বাস করি বাঙালি জাতির সামনে চলার পথ কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না। আজকের এ দিন স্মরণীয় হয়ে উঠুক।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আকাশ ছুঁয়ে স্বপ্ন জয় করব আমরা।আগামীতে বাংলাদেশ ডিজিটাল যুগের নেতৃত্ব দেবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে আগামী প্রজন্ম গড়ে তোলা হচ্ছে।”

হাতিরঝিলে রাত সাড়ে ৮টা থেকে বর্ণিল আতশবাজি শুরু হয়, সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১।

সরকার বলছে, বর্তমানে সম্প্রচার ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে গবেষণার কাজের জন্য বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে এক কোটি ৪০ লাখ ডলার (১১৮ কোটি টাকা) গুণতে হয়।

তিন হাজার কোটি টাকা ব্যয়ে মহাকাশে পাঠানো এই কৃত্রিম উপগ্রহ কাজ শুরু করলে বিদেশি স্যাটেলাইট নির্ভরতা কাটিয়ে উঠে অর্থ সাশ্রয় করা সম্ভব হবে।