২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা-বর্ষায় রাস্তা কাটাকাটি নয়: সাঈদ খোকন

আসন্ন রোজা এবং বর্ষায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোনো সড়ক খোঁড়ার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 09:22 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

এছাড়া রোজার মাসে যানজট নিয়ন্ত্রণে রাখতে আগামী চারদিনের মধ্যে চলমান সড়কগুলোর সংস্কার কাজ শেষ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোজায় যানজট সহনীয় রাখতে বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় সভায় মেয়র বলেন, “জনদুর্ভোগ লাঘব করতে রমজান মাসে নতুন করে কোনো রাস্তা খোঁড়াখুঁড়ির অনুমোদন দেওয়া হবে না। এছাড়া বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্তও রাস্তা খোঁড়ার অনুমোদন কেউ পাবে না। সরকারি যেসকল প্রকল্পের কাজ চলমান রয়েছে সেগুলোর একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাজ শেষ করতে হবে।

“পুরান ঢাকাসহ যেসব স্থানে রাস্তা সংস্কারের কাজ চলছে, তা দু-চারদিনের দিনের মধ্যেই শেষ করতে হবে। অন্তত যানবাহন চলাচল উপযোগী করতে হবে। প্রকৌশল বিভাগ তা বাস্তবায়ন করবে।”

মেয়র সাঈদ খোকন জানান, নতুন খোঁড়াখুঁড়ির অনুমোদন বন্ধ থাকলেও মেট্রোরেলসহ সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠানকে অবশ্যই নাগরিক দুর্ভোগের চিন্তা করে আইন মেনে চলতে হবে।

“রাস্তা কোনো কনস্ট্রাকশন ইয়ার্ড নয়, এখানে কোনো নির্মাণ সামগ্রী রাখা যাবে না,” বলেন সাঈদ খোকন।

তিনি বলেন, রমজান মাসে নাগরিক দুর্ভোগ লাঘবে ট্রাক, কভার্ড ভ্যান নির্ধারিত সময়ে শহরে প্রবেশ করবে এবং মালামাল ওঠানামা শেষে বের হয়ে যেতে হবে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

“কোনো অবস্থাতেই শহরের ভেতর দিয়ে অবাধে ট্রাক, কভার্ড ভ্যান চলাচল করতে দেওয়া যাবে না। একই সঙ্গে যততত্র পার্কিং করলে ট্রাফিক বিভাগকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

পুরান ঢাকার চকবাজার, বকশী বাজার এলাকায় ডিএসসিসির চলমান কাজ দুই চার দিনের মধ্যে শেষ করে চলাচল উপযোগী করার নির্দেশ দেন মেয়র।

গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, সায়েন্স ল্যাবটরি এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় যেখানে সেখানে যেন যানবাহন পার্কিং না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন মেয়র।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি মোবাশ্বের হোসেন, বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ট্রাফিক, দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ, মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।