২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরি কেড়ে নিয়ে হকারকে হত্যা

রাজধানীর শাহবাগে ছুরি বিক্রেতা এক হকারের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে গলায় চালিয়ে দিয়ে তাকে হত্যা করেছে এক ব্যক্তি, যিনি মাদকাসক্ত বলে পুলিশের ধারণা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 11:22 AM

Updated : 19 Aug 2022, 02:03 PM

মঙ্গলবার সকালে শাহবাগ ফুটব্রিজে এ হত্যাকাণ্ড ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সর্দার।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, নিহত ওই হকারের নাম নূর নবী, বয়স ২৩ বছর। ফুটব্রিজের ওপর নিয়মিত বসে জিনিসপত্র বিক্রি করত সে।

আর হত্যাকারী ওই ব্যক্তির নাম খায়রুল, বয়স ৪৩ বছর। ঘটনার পরপরই তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মারুফ হোসেন সর্দার বলেন, “সকাল ৯টার দিকে ফুটব্রিজে তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে হকারের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তার গলায় আঘাত করে ওই ব্যক্তি।”

গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হকার নূর নবীকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা খায়রুলকে ধরে পিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খায়রুল মাদকাসক্ত বলে স্থানীয়দের বরাতে জানান উপকমিশনার মারুফ।