ফেনী ওভারপাস ২৫ দিনের মধ্যে: ওবায়দুল কাদের
আগামী ২৫ দিনের মধ্যে ফেনীতে ওভারপাস নির্মাণের কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে পরিবহন মালিকদের ধর্মঘট ডাকার পর রোববার এই ঘোষণা দিয়ে তিনি বলছেন, রোজার ঈদের আগে সেখানে আর যানজট সৃষ্টি হবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা।
এরপর সচিবালয়ে সাংবাদিকদের সামনে এসে মন্ত্রী কাদের বলেন, “আমরা প্রবলেমে পড়ে গেছি ফেনী ওভারপাস নিয়ে, যেখানে যানজট সৃষ্টি হচ্ছে। আমি আপনাদের জানাচ্ছি- সেনাপ্রধান নিজেই বিষয়টি তদারক করছেন।
“এই রেল ওভারপাসের দুটি লেইন রয়েছে, একটি পার্ট ১৫ মে উদ্বোধন হবে। এতে যানজট ও ভোগান্তি রিডিউজড হয়ে যাবে। ঈদের আগে তারা সম্পূর্ণ কাজটি সমাপ্ত করবে।”
“সেনাবাহিনী আমাদের কথা দিয়েছে, এই ঈদের আগে রোজার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আগামী ২৪/২৫ দিনের মধ্যে তারা পুরো কাজটি শেষ করবেন,” বলেন তিনি।
এই যানজটের কারণে পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে বলে সবার কাছে দুঃখ প্রকাশ করে কাদের বলেন, “আমি আশা করি, এখানে (ফেনী) আর ঈদের সময় ভোগান্তি থাকবে না। আর কয়েকটি দিন ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছি।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি রেল ওভারপাস নির্মাণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কুমিল্লারটি কিছুদিন আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আরেকটি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়, সেটা কোনো সমস্যার কারণ হচ্ছে না, সেটার কাজও শেষ হওয়ার পথে।
“ফেনীর রেল ওভারপাসটি একেবারেই প্রথম অবস্থায় কাজ স্লো হওয়ায় পিবিএল থেকে নিয়ে আমরা সেনাবাহিনীতে কাজটি দিয়েছি। কারণ এই গুরুত্বপূর্ণ মহাসড়কে আমরা যদি আবার টেন্ডার করতে যাই তাহলে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সেজন্য ডিপোজিট ওয়ার্ক হিসেবে, ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে সেনাবাহিনীকে দিয়েছি।”
ফেনীর মহীপালে ওবায়দুল কাদের (ফাইল ছবি)
এই প্রসঙ্গে কাদের বলেন, নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর কাজ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে জাপানিজরা। এখানে ভালো খবর হচ্ছে, এই তিনটি ব্রিজের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে।
“এই তিনটি ব্রিজ নির্মাণের প্রাক্কলিত ব্যয় সাড়ে ৭০০ কোটি টাকা কমে যাবে। এই তিনটি সেতুর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৯৭৩ কোটি টাকা।”
‘ঢাকার যানজট কমাতে চেষ্টার কমতি নেই’
রাজধানীর যানজটকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা আছে জানিয়ে কাদের বলেন, “আমরা প্রতিনিয়ত স্টেক হোল্ডারদের ডাকছি, তাদের সঙ্গে কথা বলছি, চেষ্টার কোনো কমতি নেই।”
ঢাকায় গণপরিবহন ব্যবস্থাপনার সঙ্গে বিভিন্ন সংস্থা জড়িত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়েরও অনেক কিছু করার এখতিয়ার নেই।
সচিবালয়ে নিজের কার্যালয়ে ওবায়দুল কাদের
কাদেরের মতে, “যারা যার দায়িত্ব নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে যেটুকু উদ্যোগ প্রয়োজন সেটার একটা ঘাটতি আছে।”
উত্তর সিটির মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর সেখানকার উন্নয়ন কর্মকাণ্ডের গতি হারিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমি একটা সত্য কথা বলি, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এসব সমস্যাগুলো খুব একটা গতি পাবে বলে আমি মনে করি না। যতটা সম্ভব এগুলোকে একটা টলারেবল লেভেলে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।”
পদ্মায় পঞ্চম স্প্যান জুনে
পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান বসার খবর জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “এটা সাকসেসফুলি ইন্সটলড হয়েছে। ২০/২১ দিন চেষ্টার পর আজ সকালে সফল হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। আবহাওয়ার কারণে বারবার চেষ্টা করে পারা যাচ্ছিল না।
“জুন মাসে পঞ্চম পিয়ারের উপর বসবে। এটা জাজিরার শেষ প্রান্তে পিয়ারের উপর এই স্প্যানটি বসবে।”
ছোট হবে নির্বাচনকালীন সরকার
নির্বাচনকালীন সরকার কত সদস্যের হবে সে বিষয়ে কোনো ধারণা না দিতে পারলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, ওই মন্ত্রিসভার আকার ছোট হবে।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “নির্বাচনকালীন সরকার কত সদস্যের হবে সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সাইজটা ছোট হবে, এত বড় কেবিনেট থাকবে না।”
খুলনা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “ইলেকশনের রেজাল্ট বিএনপির অনুকূলে না আসা পর্যন্ত তাদের নালিশনামা অব্যাহত থাকবে। এটা তাদের পুরনো অভ্যাস, এটা ভাঙা রেকর্ডের মত তারা বাজাবেই।
“নয়াপল্টনের অফিসে তো একজন বসেই থাকে এগুলো বলার জন্য। যদি ক্ষমতায় যায় হিটলারের গোয়েবলসকেও সে হার মানাবে।”
কাদের বলেন, “ফখরুল ইসলাম সাহেব বলেন লেভেল প্লেইং ফিল্ড। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যেতে পারছে না, আপনি ওখানে দিব্যি ক্যাম্পেইন করছেন, আর কী সুবিধা চান?”
