মহাসড়কে যানজট, চট্টগ্রামেই ফিরে গেছেন অনেকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে ভোর থেকে দুপুর পর্যন্ত যানজটের কারণে গন্তব্যের পরিবর্তে অনেকে উল্টো পথে চট্টগ্রামে ফিরেছেন।
শনিবার দুপুর পর্যন্ত মহাসড়কের সীতাকুণ্ড ও মীরসরাই অংশে প্রচণ্ড যানজট ছিল।
এর আগে শুক্রবারও দিনভর মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন উভয়মুখী যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকরা। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার থেকে যানজটের শুরু। মূল সমস্যা ফেনীতে। ওই কারণে এখানে পর্যন্ত যানজট হয়েছিল।
“শনিবার ভোর থেকে আমরা হাইওয়ে পুলিশের সাথে মহাসড়কে ছিলাম। বেলা সাড়ে ১২টার পর সীতাকুণ্ড অংশে আর কোনো যানজট নেই।”
তবে এর আগে ভোর থেকে সৃষ্ট যানজটের কারণে অনেকে গন্তব্যের উদ্দেশ্যে না গিয়ে উল্টো চট্টগ্রামে ফিরে যান।
নোয়াখালীর ব্রাদার আন্দ্রে হাই স্কুলে শনিবার চট্টগ্রাম ধর্মপ্রদেশের অধীনে পরিচালিত পাঁচটি বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের সেন্ট প্লাসিডস হাই স্কুল ও কলেজ, সেন্ট স্কলাস্টিকা হাই স্কুল ও কলেজ, দিয়াং মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় ও বান্দরবান ডন ভসকো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সকাল সোয়া ৫টায় রওনা হন নোয়াখালীর উদ্দেশ্যে।
তিনটা বাস ও একটি মাইক্রোবাস নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সকাল পৌনে ৮টায় নগরী থেকে মহাসড়কের বাঁশবাড়িয়া অংশে পৌঁছান।
সেন্ট স্কলাস্টিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মাগ্রেট মনিকা জিনস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে ৮টার দিকে যানজটে আটকা পড়েন তারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকায় অনেকে গাড়ি থেকে নেমে মহাসড়কে পায়চারি করেন।
এছাড়া দীর্ঘ যানজটের কারণে চলতি পথে খাবার পানি, খাবার ও শৌচাগার সংকটেও পড়েন যাত্রীরা।
এর আগে শুক্রবার সকালে নোয়াখালীর সুধারামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার নিয়ে রওনা হয় আইনজীবী কঙ্কন চন্দ্র দেব ও তার বন্ধুরা।
কঙ্কন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৭টায় রওনা হয়ে ১১টায় সীতাকুণ্ড পর্যন্ত গিয়েছিলাম। তারপর আর এগুনোর কোনো পথ ছিল না।
মহাসড়কে যানজটের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে সোহাগ পরিবহনের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ বলেন, মহাসড়কের যানজটের কারণে ঢাকামুখী গাড়িগুলোর অতিরিক্ত কয়েক ঘণ্টা লাগছে। সে কারণে নির্ধারিত সময়ে গাড়ি ফিরে আসছে না এবং ছেড়েও যাচ্ছে না।
“শুক্রবার রাত ১২টায় ছেড়ে যাওয়া বাসটি সকাল পর্যন্ত মীরসরাইয়ের বারৈয়ারহাটে পৌঁছে। শুক্রবার বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি শনিবার সকালে চট্টগ্রাম আসে।”
মো. আবদুল্লাহ বলেন, ফেনীর মহীপাল আর কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে সমস্যার কারণে এই যানজট। তবে ঢাকামুখী যানজট বেশি হলেও চট্টগ্রামমুখী যানজট কিছুটা কম।
“যানজটের কারণে শিডিউল বির্পযয়, বেশি জ্বালানি খরচ এবং আর্থিক ক্ষতি হচ্ছে।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরসরাই ও সীতাকুণ্ডের যানজটের ছবি পোস্ট করে অনেকে সড়ক পরিবহনমন্ত্রীকে যানজট নিরসনে দ্রুত উদ্যেগ নেয়ার আহ্বান জানিয়েছেন।
