২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের অধ্যাপকের বিরুদ্ধে মানহানির অভিযোগ নারী সহকর্মীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের মাধ্যমে মানহানির অভিযোগ করেছেন একই বিভাগের নারী অধ্যাপক হোসনে আরা জলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফখরুল শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 09:39 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়ে সহকর্মীর বিচার দাবি করেছেন তিনি।

মিল্টন বিশ্বাস বাংলা বিভাগের অধ্যাপকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে হোসনে আরা জলি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ওই দপ্তরে থেকে সর্বোচ্চ কর্মকর্তা বিভিন্ন সময় আমার নামে মিথ্যা সংবাদ শিক্ষার্থীসহ বিভিন্ন পরিচিতজনের কাছে ফেইসবুক মেসেঞ্জার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সারা দেশে আমার সম্মান ক্ষুণ্ন করছেন।

“আইনের আশ্রয় নিলে বিশ্ববিদ্যালয়ের মানসম্মান নষ্ট হবে বলে আমি বিরত থেকেছি।”

পরে হোসনে আরা জলি মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু ফেইসবুকেই না, নানা মহলে মিল্টন বিশ্বস আমার নামে নানা ধরনের আপত্তিকর কথা বলে বেড়াচ্ছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন, এমনকি আমি নিজে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।”

তিনি বলেন, “আমার সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য এই মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে আমি একাধিকবার উপাচার্যের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি, কিন্তু তার কোন সুরাহা হয়নি।

“তিনি (মিল্টন বিশ্বাস) মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন লোকের কাছে আমাকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে থাকেন। তার এমন আপত্তিকর কথাবার্তার কারণে একজন নারী শিক্ষিকা হিসেবে পরিবার ও সামাজিকভাবে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মিল্টন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,, “হোসনে আরা জলি আমার সামনে একজন শিক্ষকের সাথে সাম্প্রদায়িক আচরণ করেছে। তার সাথে আমার লাগালাগি দীর্ঘদিনের, সেই ২০১৫ সাল থেকে। তার সাথে আমার লাগালাগি সাম্প্রদায়িক ইস্যুতে, অন্য কিছুতে নয়।”

ফেইসবুক মেসেঞ্জারে ‘আপত্তিকর বক্তব্য’ ছাত্র-শিক্ষকদের কাছে পাঠানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “সে (হোসনে আরা জলি) সব সময় আমার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। ভিসি স্যারের কাছে তার বিরুদ্ধে আমার একাধিক অভিযোগ দেওয়া আছে। উনি যে সকল বিষয়ে আমাকে অভিযুক্ত করেছেন সেগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা আবেদন আমি পেয়েছি। তবে এটা দেখার সুযোগ পাইনি, দেখে বলা যাবে।”