২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছোট গল্পে আত্মিক-জাগতিক মুক্তির কথা বলেছেন রবীন্দ্রনাথ’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে বাংলার মানুষের আত্মিক ও জাগতিক মুক্তির কথা জোরালোভাবে ব্যক্ত হয়েছে বলে মত প্রকাশ করেছেন বাংলা সাহিত্যের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 09:39 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের ছোটগল্পে উপনিবেশিত বাংলা’ শীর্ষক একক বক্তৃতা দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য।

বিশ্বজিৎ ঘোষ বলেন, “বাংলা ছোট গল্পের প্রাণ-প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাতে ঘটে বাংলা ছোটগল্পের উজ্জ্বল মুক্তি। বর্তমান বাংলাদেশের প্রান্তিক অঞ্চলসমূহে অবস্থান গল্পকার রবীন্দ্রনাথকে নতুন মানব-ভুবনের সন্ধান দিয়েছে। গল্পগুচ্ছর নানা গল্পে উপনেবিশিত বাংলার পরিচয় ধরা আছে। ”

তিনি বলেন, “ঔপনিবেশিক শাসনের ফলে ভারতীয় মানব-সম্পর্ক কীভাবে বিনষ্ট হয়েছে, মেকলের শিক্ষা-ব্যবস্থার ফলে কীভাবে মধ্যবিত্ত-মানস আত্মপরতায় নিমজ্জিত হয়েছে, কেন্দ্র-প্রান্তের ব্যবধান কীভাবে স্ফীত হয়েছে, নিম্নবর্গের উপর জমিদারি ব্যবস্থার দাপট কিভাবে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে, জাতীয়তাবাদী চেতনা কিভাবে বিকাশমুখ লাভ করেছে আর নারী কীভাবে নিগ্রহমূলক পরিস্থিতি ভেদ করে তার আত্ম স্বাতন্ত্র্যমূলক প্রকাশের প্রচেষ্টা পেয়েছে- তার এক প্রামাণ্যরূপ লাভ করা যাবে রবীন্দ্রনাথের ছোটগল্পে।”

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার বিতরণ করা হয়।

এ বছর রবীন্দ্রসাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল মোমেনকে এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ফাহিম হোসেন চৌধুরীকে এই পুরস্কার দেওয়া হয়।

তাদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “রবীন্দ্রনাথকে স্মরণ করে আমাদের আয়োজন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যেন রবীন্দ্রনাথের মানবমুখী চিন্তা ও দর্শনের বিভায় স্নাত হতে পারে- সেদিকে দৃষ্টি দেওয়া জরুরি।”

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন গোলাম সারোয়ার। সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান এবং কমলিকা চক্রবর্তী।