বয়স্ক শিক্ষামন্ত্রীর অসতর্ক কথা: নর্থ সাউথ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতির ‘না যাওয়া’ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যা বলেছেন, তাকে একজন ‘বয়স্ক’ ব্যক্তির ‘অসতর্ক’ বক্তব্য হিসেবে বর্ণনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উনি (শিক্ষামন্ত্রী) অসতর্কতামূলকভাবে বলেছেন হয়ত। উনারও বয়স হয়েছে, সবকিছু মনে থাকা সম্ভব নয়।”
মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান অনুসন্ধানে সম্প্রতি ‘নর্থ সাউথে নয়ছয়’ পর্বে বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির টাকা খরচ ও জমি কেনায় অনিয়মের অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
ওই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “ওই দিক থেকে নমনীয় যেন আমাদের শিক্ষার্থীদের স্বার্থটা রক্ষা হয়। আমরা ওদের (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন) ব্যাপারে স্ট্রং।
“যেমন, ওখানে আমাদের চ্যান্সেলর যান না, রাষ্ট্রপতি যান না; এটাও একটি সিগন্যাল। ওখানে তারা যত বড় ক্ষমতাবান হোক, রাষ্ট্রপতি যাচ্ছেন না। তারা সঠিক পথে চললে এই সম্মান তারা পাবেন।”
নর্থ সাউথ কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাছরাঙ্গা টেলিভিশনের ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বিভিন্ন রকম ‘মিথ্যা তথ্য দিয়ে’।
৭৩ বছর বয়সী নাহিদের যে বক্তব্যকে নর্থ সাউথ কর্তৃপক্ষ ‘অসতর্কতামূলক’ বলছে, সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কি-না জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর দেননি চেয়ারম্যান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
মাছরাঙ্গার প্রতিবেদনের একটি অংশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, “যারা বৃত্তি বা আর্থিক সুবিধা নিচ্ছে তারা সচ্ছল পরিবারের সন্তান। সরকারের বড় কর্মকর্তাদের সন্তান। এ কারণে কোনো অনিয়মের ব্যবস্থা নিতে অসুবিধা হয় বৈকি। যাদেরকে ব্যবস্থা নিতে বলি তারা অস্বীকার করেন।”
ইউজিসি চেয়ারম্যানের ওই বক্তব্যের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘একমত নয়’ জানিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৯(৪) অনুচ্ছেদ অনুযায়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মোট ভর্তিকৃত শিক্ষার্থীদের তিন শতাংশকে মুক্তিযোদ্ধা কোটা সুবিধা ও তিন শতাংশ শিক্ষার্থীকে মেধাবী এবং দরিদ্র হিসাবে সর্বমোট ৬ শতাংশ শিক্ষার্থীকে ছাত্র বৃত্তি ও আর্থিক সুবিধা দিয়ে থাকে।”
এ নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা ছাত্র-অভিভাবকদের কাছ থেকে কখনো আসেনি বলে দাবি করেন শাহজাহান।
মাছরাঙ্গার প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে যত টিউশন ফি নর্থ সাউথ আদায় করে, প্রথমেই তার ৩০-৪০ শতাংশ সরিয়ে নেওয়া হয় উন্নয়ন তহবিলে। আয়-ব্যয়ের হিসাবে সেটি দেখানো হয় না।
অভিযোগ অস্বীকার করে নর্থ সাউথ চেয়ারম্যান বলেন, উন্নয়ন ফির টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেই খরচ করা হয়। নতুন ক্যাম্পাসের জন্য জমি কেনা হয়েছে; এখনো সাড়ে ৩০০ কোটি টাকা ব্যাংকে এফডিআর করা আছে।
“ব্যালেন্স শিটে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। এখানে দুর্নীতি হয়েছে কি-না সরকার দেখবেন, ইউজিসি দেখবেন, একজনকে কনফার্ম হতে হবে এখানে দুর্নীতি হয়েছে কি-না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি- এ ধরনের কোনো অ্যাক্টিভিটিজ এখানে নাই।”
মাছরাঙ্গার প্রতিবেদনে বলা হয়, পূর্বাচল এলাকায় ‘বাজারদরের চেয়ে প্রায় সাতগুণ বেশি দামে’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জমি কিনেছে। ২০১৪ সালের বাজার দরে প্রতি বিঘার দাম যেখানে ৩০ লাখ টাকা ছিল, সেখানে দেখানো হয়েছে ২ কোটি টাকায়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ আউয়ালকে উদ্ধৃত করে ‘অর্থ হাতিয়ে নেওয়ার’ অভিযোগের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে।
এ প্রসঙ্গে শাহজাহান বলেন, “প্রতিবেদকের বক্তব্য অনুযায়ী ৭৫ কোটি টাকার জমি ৫০০ কোটি টাকায় ক্রয় করা হয়েছে, যা সত্যের অপলাপ মাত্র। বর্তমান বাজার দরে গ্রামের প্রত্যন্ত চরঅঞ্চলেও কাঠা প্রতি ৫ লাখ টাকায় জমি পাওয়া অত্যন্ত দুষ্কর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মনে করে, প্রতিবেদকের বক্তব্য সর্বৈব মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট, যা সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা মাত্র।”
প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ডের নামে সভা করার কথা বলে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা টিউশন ফির টাকা দিয়ে বছরে কয়েক দফা পরিবার নিয়ে ভিন্ন দেশে যান। সেসব সভায় পরিবারের সদস্যরাও থাকেন, যদিও তারা বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্বে নেই।
এর জবাবে চেয়ারম্যান শাহজাহান বলেন, “অফিসিয়াল মিটিংয়ে তারা কোনোদিনও উপস্থিত থাকেন না। কোথাও খেতে গিয়েছেন বা অন্য জায়গায়, ফেইসবুকে দিয়েছেন; বিশেষ উদ্দেশ্য থেকে সেই ছবি প্রতিবেদনে দেখানো হয়েছে। স্ত্রীরা গেলে আমাদের নিজেদের টাকায় যায়, আমরা কিন্তু গরীব নই।”
ইউজিসি গঠন করা হয়েছিল ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য- এমন মন্তব্য করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানান বস্ত্র খাতের ব্যবসায়ী শাহজাহান।
তিনি বলেন, “১০০টি প্রাইভেট ইউনিভার্সিটি… এতগুলো ইউনিভার্সিটি পরিচালনার মত জনবল ইউজিসির কখনোই ছিল না। একেকটা বিশ্ববিদ্যালয়… প্রতিটি কার্যক্রমের জন্য ইউজিসিতে ঢুকতে হয়। এই লিমিটেড কর্মচারী দিয়ে তাদের পক্ষে সমস্ত কিছু করা অসম্ভব।”
ইউজিসিতে কোনো চিঠি পাঠালে তার জবাব পেতে ছয় মাস লেগে যায় বলে অভিযোগ করেন নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
মাছরাঙ্গার প্রতিবেদনকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে শাহজাহান বলেন, “প্রতিবেদনটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ছাড়াও ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
