২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের শুনানির পর পানি এসেছে, তবে দুর্গন্ধ

দুই মাস আগে দুদকের গণশুনানির পর ঢাকার মিরপুরের অনেক এলাকার বাসিন্দারা পানি পেলেও তাতে আসছে দুর্গন্ধ, পানির সমস্যায় এসব এলাকায় ভাড়াটিয়াদের বাসা ছেড়ে যাওয়ার কথাও উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 12:45 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

পানিতে দুর্গন্ধ থাকার কথা স্বীকার করেছেন ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি বলেছেন, ওই শুনানির পর অবৈধ সংযোগুলো বিচ্ছিন্ন করায় পানির লাইনে বহু ছিদ্র হয়েছে, তাতেই সহজে ময়লা ঢুকে যাচ্ছে ওয়াসার সরবরাহ লাইনে।

রোববার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট মিলনায়তনে দুদকের আয়োজনে ঢাকা ওয়াসা মডস জোন-৪ ও মডস জোন-১০ এলাকা নিয়ে ফলোআপ গণশুনানিতে এসব বিষয় উঠে আসে।

দুদকের পরিচালক মো. নাসিম আনোয়ারের সঞ্চালনায় গণশুনানিতে সংস্থাটির কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম উপস্থিত ছিলেন।

গত ১৪ মার্চের গণশুনানিতেও অংশ নেওয়া মিরপুর বড়বাগের বাসিন্দা নূরজাহান বেগম বলেন, “গত গণশুনানির পরে আমাদের এলাকায় পানির ব্যবস্থা নিয়মিত হয়েছে, কিন্তু পানিতে ময়লা ও দুর্গন্ধ।”

পশ্চিম আগারগাঁওয়ের তৌহিদুর রহমান বলেন, “আগের শুনানিতে মিটারের সমস্যার কথা বলেছিলাম সেই সমস্যার সমাধান করা হয়েছে, কিন্তু ইদানিং পানি পাচ্ছি না, খুব খারাপ অবস্থা চলছে।”

গণশুনানিতে অংশ নিয়ে একই এলাকার আরেক বাসিন্দা আমির হোসেন বলেন, “মার্চের আগে পানি পাওয়া যেত না, আগের গণশুনানিতে সেই অভিযোগ জানিয়েছিলাম। এখন পানি পাচ্ছি, তবে পানি ঘোলা, পচা ও দুর্গন্ধ।”

সেনপাড়ার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, “১৫ বছর ধরে পানির সমস্যা বিরাজমান। কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। এর আগের শুনানিতে এসে একই অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।”

তিনি বলেন, “আমাদের এখানে তিন-চার দিন পর পর পানি পাই, কিন্তু যে পানিটা আসে তা ঘোলা ও খারাপ পানি।”

এসব অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার টেকনিক্যাল ডিরেক্টর শহীদ উদ্দিন বলেন, “গত গণশুনানিতে ৯৫ শতাংশ অভিযোগ ছিল, ‘পানি পাই না’। বড়বাগ এলাকার ৯০ ভাগ মানুষ পানি না পাওয়ার বিষয়ে অভিযোগ করেছিলেন। তবে বড়বাগ এলাকায় এখন সবাই পানি পাচ্ছেন।”

তিনি বলেন, “ইতোমধ্যে অধিকাংশ অবৈধ সংযোগ আমরা বিচ্ছিন্ন করেছি, যে কারণে লাইনের বহু জায়গাতে ছিদ্র রয়েছে, ফলে পানিতে ময়লা খুব দ্রুতই প্রবেশ করছে। তবে ডিএমএর (ডিটেইলড মিটার এরিয়া) আওতায় আসলে এসব সমস্যার সমাধান হবে।”

মধ্য মনিপুরের বাসিন্দা রোকনুজ্জামান বলেন, “এই অঞ্চলে আসলে পানি নেই। যাদের বাড়িতে পানি আসে সেই পানি দুর্গন্ধযুক্ত, যা ব্যবহারের উপযোগী না। অন্যরা দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে বা অবৈধ সংযোগে পানি সংগ্রহ করে থাকে।”

মিরপুরের ৬ নম্বর সেকশনের রকিবুল ইসলাম বলেন, “আমরা সব সময় পানি পাই না। যদি ওয়াসা ৬ ঘণ্টা পানি ছাড়ে সেখানে মাত্র আধা ঘণ্টা পানি পেয়ে থাকি। গত মাসে পানির অভাবে তিনটা ফ্ল্যাট খালি হয়েছে। এ অভিযোগটা ওয়াসার কাছে বারবার করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

মিরপুর ১১ নম্বর ওয়ার্ডের পাইকপাড়ার বাসিন্দা হাবিবার রহমানের অভিযোগ, তিন-চারদিন পরেও পানি যায় তাদের এলাকায়।

“এই সমস্যা যদি অব্যাহত থাকে তাহলে রোজাতে আমাদের ভোগান্তির কোনো শেষ থাকবে না।”

এছাড়া তার এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যাও রয়েছে জানিয়ে এসব সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসা মডস জোন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, “পাইকপাড়ায় গতকাল রাতে একটি পাম্প স্থাপন করা হয়েছে। এখন থেকে এই এলাকায় পানির আর সমস্যা থাকবে না।”

ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম বলেন, “পদ্মা থেকে ১৫ কোটি লিটার পানি এনে মিরপুর অঞ্চলের দিকে সরবরাহ করার একটি পরিকল্পনা রয়েছে। এটা বাস্তবায়ন হলে এ অঞ্চলে পানির সমস্যা কেটে যাবে। অন্যদিকে ডিএমএ বাস্তবায়ন করতে পারলে ঘোলা পানির সমস্যাও কেটে যাবে।”

গণশুনানি শেষে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, “মিরপুর অনেক ঘনবসতি এলাকা। এ কারণে এই এলাকায় পানির প্রয়োজন অন্য অঞ্চলের চেয়ে একটু বেশি। তাই ওয়াসা কর্মকর্তাদের অনুরোধ করব, গ্রাহকদের চাহিদামতো দ্রুত তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।”