ঢাকার বাতাস ফেরাল বার্নিকাটের অ্যাজমা
অ্যাজমা প্রায় সেরেই গিয়েছিল মার্শা বার্নিকাটের; কিন্তু তিন বছর আগে বাংলাদেশে কাজে যোগ দেওয়ার তিন মাসের মধ্যে তিনি টের পান, সমস্যা ফের দেখা দিয়েছে। আর এর কারণ ঢাকার দূষিত বায়ু।
বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে বায়ু দূষণে ঢাকার তৃতীয় স্থানে থাকার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করার দুদিনের মাথায় বৃহস্পতিবার এক গোলটেবিল আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
২০১৫ সালে ঢাকা মিশনে যোগ দেওয়ার আগে অ্যাজমার জন্য যুক্তরাষ্ট্রে চিকিৎসক দেখিয়ে এসেছিলেন তিনি।
বার্নিকাট বলেন, তখন চিকিৎসক বলেছিলেন তার আর নিয়মিত ইনহেলার নেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলে নিলেই চলবে।
“ঢাকায় আসার তিন মাসের মধ্যে এক রাতে আমার ঘুম ভেঙে গেল, নিঃশ্বাস নিতে হাঁসফাঁস হচ্ছিল। তা ছিল অ্যাজমারই লক্ষণ। ফের চিকিৎসকের কাছে যেতে হল আমাকে।
“চিকিৎসক বললেন, ‘এখন মার্চ (তখন মার্চ মাস ছিল), মাসখানেকের মধ্যে বৃষ্টি নামবে, বাতাস পরিষ্কার হয়ে যাবে’। তিনি ঠিকই বলেছিলেন। বৃষ্টি নামার পর আমি ভালো বোধ করতে থাকলাম।”
এরপর থেকে ডিসেম্বরের দিকে অ্যাজমার সমস্যায় ভুগতে হয় বার্নিকাটকে।
“আমার সেরে ওঠাটা সেভাবে হচ্ছে না। এটা আমার নিজের জন্য একটা সমস্যা, আমার স্বাস্থ্যের জন্যও সমস্যা।”
মার্শা বার্নিকাট (ফাইল ছবি)
বিশ্বের ৬৭টি দেশের ৭৯২টি শহরের বাতাসের মান নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
তাতে দেখা যায়, ২০১৬ সালে ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে ১০ মাইক্রোমিটার ব্যাসের ভাসমান বস্তুকণার (পিএম১০) বার্ষিক গড় পরিমাণ ছিল ১০৪ মাইক্রোগ্রাম। ২০১৫ সালে ছিল ১৪৫ মাইক্রোগ্রাম এবং তার আগের বছর ছিল ১৫০ মাইক্রোগ্রাম।
আর প্রতি ঘনমিটার বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ভাসমান বস্তুকণার (পিএম২.৫) বার্ষিক গড় পরিমাণ ২০১৬ সালে ৫৭ মাইক্রোগ্রাম, ২০১৫ সালে ৮২ মাইক্রোগ্রাম এবং তার আগের বছর ৮৫ মাইক্রোগ্রাম ছিল।
ডব্লিউএইচওর আদর্শ মান অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে পিএম১০ এর পরিমাণ ২০ মাইক্রোগ্রামের কম এবং পিএম২.৫ এর পরিমাণ ১০ মাইক্রোগ্রামের কম হলে তাকে ভারতের দিল্লি আর মিশরের কায়রোর পর তৃতীয় অবস্থানে। স্বাস্থ্যসম্মত বাতাস বলা যায়।
বায়ুর বিচারে ঢাকার চেয়ে দূষিত মেগাসিটিগুলো হচ্ছে ভারতের দিল্লি ও মিশরের কায়রো।
বাংলাদেশে বায়ু দূষণ এবং তার প্রভাব নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এডওয়ার্ড এম কেনেডি সেন্টার আয়োজিত ওই গোলটেবিলে বিশেষজ্ঞরা বলেন, এখানে শুষ্ক মৌসুমে বায়ুর মান সবচেয়ে খারাপ থাকে, আর এজন্য দায়ী ইটভাটা, চালকল ও সড়কের ধুলোবালি।
পরিবেশ অধিদপ্তরের চিফ কেমিস্ট মোহাম্মদ আবদুল মোতালেব বলেন, বায়ু দূষণের ৫৮ শতাংশ হয়ে থাকে ইটভাটার কারণে।
বাংলাদেশে নির্মাণ কাজের ব্যবহৃত সামগ্রীও বায়ু দূষণের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।
“আমরা মিহি বালু ব্যবহার করি, অন্য দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দানাদার বালু ব্যবহার হয় । মিহি বালু খুব সহজেই ছড়িয়ে পড়ে।”
গোলটেবিল আলোচনায় মার্শা বার্নিকাটসহ আলোচকরা
তিনি জানান, বায়ু দূষণের কারণে দক্ষিণ এশিয়ায় বছরে ৫৯ লাখ মানুষ মারা যায়, এর ৩৩ লাখের মৃত্যুর কারণ অভ্যন্তরীণ দূষিত বায়ু।
অভ্যন্তরীণ বায়ু দূষণ নারী ও শিশু স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। এত মৃত্যুর জন্য ঘনবসতিপূর্ণ অবস্থাকে দায়ী করেন তিনি।
গ্রামে রান্নার জ্বালানি কাঠের ধোঁয়াকে অভ্যন্তরীণ দূষণের জন্য চিহ্নিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন, স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের নানা রোগ এই বায়ু দূষণের জন্যই বেড়েছে।
বায়ু দূষণ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো সালীমুল হক।
