খুলনা-গাজীপুরের পুলিশ প্রধানের কার্যক্রমে ‘নজর রাখবে’ ইসি
খুলনা মহানগরের পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পক্ষপাতিত্ব করছেন কি না সে বিষয়ে নজরদারি করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন।
পক্ষপাতিত্বের অভিযোগে এই দুই পুলিশ কর্মকর্তার বদলি চেয়ে বৃহস্পতিবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতারা।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খুলনা ও গাজীপুরে সিটি কর্পোরেশনে ভোট সামনে রেখে তাদের মেয়রপ্রার্থীর সমর্থকদের ‘গণগ্রেপ্তারের’ অভিযোগ করেন। তিনিও দুই জায়গায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রত্যাহার দাবি করেন।
এই দাবি নিয়ে বিকাল ৩টার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির সঙ্গে বসেন।
বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বিএনপির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে, তাদের দুটো ইস্যু মেইন। বিএনপির ভাষায় দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, আর খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপি-দুই কর্মকর্তার বদলি করলে ভালো হয় বলেছে।”
এ বিষয়ে সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশনারদের মতামত নিতে হবে জানিয়ে নূরুল হুদা বলেন, “এ বিষয়টি নিয়ে আলোচনা করা অল্প সময়ে যুঙ্গিসঙ্গত হলে করব। আর সব কমিশনাররা যদি বলে বদলি করার দরকার নেই, তাহলে করব না।”
তবে ওই কর্মকর্তার ওপর ‘নজরদারি’ করা হবে বলে জানান তিনি।
সিইসি বলেন, “আরও দেখি। খোঁজ নিয়ে দেখি, খতিয়ে দেখব অভিযোগ সত্য কি না।”
আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।
বিএনপির প্রতিনিধি দলে মঈন খান ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছিলেন।
