এমসিকিউ নিয়ে সিদ্ধান্ত শিগগিরই: শিক্ষামন্ত্রী
পাবলিক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকবে কি না, থাকলে কীভাবে তা রাখা হবে- সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত দেওয়া বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২টি বিষয়ের এমসিকিউ অংশের একটি সেটের প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার প্রশ্ন পদ্ধতির সংস্কার নিয়ে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “এমসিকিউ এখন প্রশ্ন ফাঁসের একমাত্র উপায়, এ বিষয়টি বিবেচনাধীন আছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”
শিক্ষামন্ত্রী নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে বলেন, পরীক্ষার আগে ওই এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মত পরীক্ষার্থী। এ কারণে তদন্ত কমিটি পরীক্ষা বাতিল না করার সুপারিশ করেছে।
“এমসিকিউ ফাঁসের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। প্রধানমন্ত্রীও বলেছেন এমসিকিউ বাতিলের বিষয়ে জনমত গড়ে তুলতে। এমসিকিউ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাব।”
গত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ধারাবাহিকতায় এবার এসএসসিতে অধিকাংশ বিষয়ের প্রশ্ন পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার সকালে ফাঁস হয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরীক্ষার ঘণ্টাখানেক আগে প্রশ্ন ফাঁস হলে সেখান থেকে সহজেই বহু নির্বাচনী অংশের উত্তর দেওয়ার সুযোগ থাকে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও প্রাথমিক স্তরের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়ার সুপারিশ করে। এরপর সিদ্ধান্ত হয়, এবার থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে শতভাগ যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্নে।
বাংলাদেশে এসএসসিতে এমসিকিউ প্রশ্ন প্রবর্তন করা হয়েছিল ১৯৯২ সালে। তখন মোট ৫০টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হত; প্রতিটির জন্য বরাদ্দ ছিল ১ নম্বর করে। দীর্ঘদিন ওই ব্যবস্থা চলার পর প্রশ্ন ফাঁস ঠেকাতে এখন এমসিকিউ অংশ কমিয়ে আনার কথা বলা হচ্ছে।
প্রাথমিক সমাপনীর পাশাপাশি চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, “এমসিকিউ বাদ দেওয়া উচিত। এমসিকিউ বাদ দিলে প্রশ্ন ফাঁসের কথা উঠবে না। আমি আগামী পরীক্ষা থেকে এমসিকিউ তুলে দেওয়ার প্রস্তাব করছি।”
আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, “এমসিকিউ সেভাবে আমরা মূল্যায়ন করতে পারছি না। সংস্কার আনব বা বন্ধ করে দিতে পারি। তবে এখনই সিদ্ধান্ত দিচ্ছি না।”
