২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বিএনপি নেতা মোমিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 04:10 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

বুধবার ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়। 

সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সাংবাদিকদের বলেন, একাত্তর সালে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ১৯ জনকে হত্যার অভিযোগে বগুড়া জেলার আদমদিঘী থানার কালাইকুড়ি গ্রামের আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার (৬৬) বিরুদ্ধে তিনটি অভিযোগে তদন্ত সম্পন্ন হয়েছে।

তদন্ত সংস্থার ৬৪তম প্রতিবেদটি বৃহস্পতিবারই ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হবে বলে জানান তিনি।

পলাতক আসামি মোমিনের রাজনৈতিক পরিচয় তুলে ধরে হান্নান খান বলেন, “মুক্তিযুদ্ধের সময় আসামি মুসলিম লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাকিস্তান দখলদার বাহিনীকে সহযোগিতা করার জন্যই সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন। আদমদিঘী থানার রাজাকার কমান্ডার হিসেবে অন্যান্য রাজাকার ও পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেন।”

স্বাধীনতার পর ১৯৭৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরে আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি হন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আব্দুল মোমিন তালুকদার। তিনি ২০০১ ও ২০০৮ সালে দুই বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এখন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

তদন্ত প্রতিবেদনে আনা তিনটি অভিযোগের প্রথম অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২২ এপ্রিল দুপুর ১২টার দিকে আসামি আব্দুল মোমিন তালুকদারসহ ৫ থেকে ৬ জন স্বাধীনতাবিরোধী ও ২০ জন পাকিস্তানি সেনা সদস্যকে নিয়ে বগুড়া জেলার আদমদিঘী থানার কলসা বাজার, রথবাড়ী এবং তিয়রপাড়ায় মুক্তিযোদ্ধা এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করতে অপারেশন করে। ওই দিন আসামি নিজে আগ্নেয়াস্ত্র দিয়ে কলসা গ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের ইসলাম উদ্দিন প্রামাণিকসহ হিন্দু-মুসলিম মিলিয়ে ১০ জনকে গুলি করে হত্যা করে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে একই থানার কাশিমালা গ্রামের ১৬ থেকে ১৭টি বাড়ি লুট করে। সেদিন ৫ জনকে গুলি করে হত্যা করে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫ অক্টোবর রাতে আব্দুল মোমিন তালুকদার রাজাকার ও পাকিস্তানি বাহিনী নিয়ে আদমদিঘী থানার তালশন গ্রামে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করে। 

২০১৬ সালের ১৮ জানুয়ারি থেকে এ মামলাটির তদন্ত কাজ শুরু করেন তদন্তকারী কর্মকর্তা জেডএম আলতাফুর রহমান।

এ মামলায় ঘটনার সাক্ষী করা হয়েছে ২৪ জনকে আর জব্দ তালিকার সাক্ষী ৫ জন। মামলায় অপরাধ প্রমাণের পক্ষে বগুড়া জেলার রাজাকাদের তালিকা ও বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। ৭১৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি ছয়টি ভলিউমে প্রস্তুত করা হয়েছে।

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা জেডএম আলতাফুর রহমানসহ তদন্ত সংস্থার সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।