রোহিঙ্গা ইসুতে বিশ্বের সমর্থন পাচ্ছে বাংলাদেশ: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সঙ্কটে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন বাংলাদেশের পক্ষে।
সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সফর নিয়ে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে যুক্তরাজ্যে কমনওয়েলথ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে।
“সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এই সফরকে আমার সরকারের কূটনৈতিক সাফল্য বলে মনে করি।”
সফরে নরেন্দ্র মোদী, জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয় বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব সম্প্রদায়। এই সফরগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে আমি মনে করি।”
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তা পরিষদের সদস্যরা আমাদের দেশে এসেছেন, তাদের মনোভাব অত্যন্ত ইতিবাচক, তারাও চান মিয়ানমার থেকে যে ১১ লাখ মানুষ এসেছে, তারা সেখানে ফিরে যাক।
“বাংলাদেশ যে যে এতগুলো মানুষকে আশ্রয় দিয়েছে, তাদের খাদ্যের ব্যবস্থা করেছে, তারা তার ভূয়সী প্রশংসা করেছে। আমরা আশা করছি, তারা মিয়ানমারকে চাপ দেবে।”
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস শিগগিরই চালু করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একইসঙ্গে তাদের প্রত্যাবাসনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আক্রান্ত দেশের সামরিক জোটে যোগ দিয়ে বাংলাদেশ যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতিতে পড়ছে কি না?
জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা কোনো যুদ্ধে জড়াব না।”
তিনি বলেন, প্রয়োজনে সেখানে মাইন অপসারণ, নির্মাণ কাজের মতো কর্মসূচিতে অংশ নেবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ‘যে কোনো কাজে’ অংশ নেবে।
যুক্তরাজ্য থেকে ফিরে শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ থেকে ২৯ এপ্রিল ওই দেশটি সফর করেন।
অস্ট্রেলিয়ায় শেখ হাসিনা যোগ দেন গ্লোবাল সামিট অন উইমেনে। নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ওই অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’।
এ পুরস্কার দেশের ও বিশ্বের সব নারীকে উৎসর্গের কথা সংবাদ সম্মেলনে জানান শেখ হাসিনা।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।
