‘প্রান্তিক মানুষকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়’
প্রান্তিক পর্যায়ের মানুষের অব্যাহত শ্রমে-ঘামে যে নগর সভ্যতার গোড়াপত্তন হয়েছে, তাদের পেছনে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য এসেছে মে দিবসের একটি আলোচনা সভা থেকে।
মঙ্গলবার ঢাকার পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে মে দিবস উদযাপন সাংস্কৃতিক পর্ষদ। এতে উদীচী শিল্পীগোষ্ঠীসহ যোগ দেয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমদ, প্রগতি লেখক সংঘের শামসুজ্জামান হীরা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাহিদুল হক মিলু, বিবর্তন-এর হাফিজুর রহমান লাল্টু।
সফিউদ্দিন আহমদ বলেন, “পৃথিবীর ইতিহাস সংগ্রামের ইতিহাস। প্রমোদ বা বিলাসিতা নয়, মেহনত থেকেই শিল্পকলার উদ্ভব। প্রান্তিক পর্যায়ের মানুষের অব্যাহত শ্রমে আর ঘামেই গড়ে উঠেছে নগর সভ্যতা। আর তাই প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে সত্যিকারের উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।”
মে দিবস উদযাপনে সরকার নির্ধারিত ম্লোগান ‘মালিক-শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’-এর সমালোচনা করে সভার অন্য বক্তারা বলেন, মালিক ও শ্রমিক কখনোই ভাই হতে পারে না।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা, গান ও আবৃত্তি। আয়োজক পর্ষদের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর মধ্যে উদীচী ছাড়াও রয়েছে প্রগতি লেখক সংঘ, চারণ, বিবর্তন, চারণ (মার্ক্সবাদী), সমগীত, মাদল, প্রাচ্যনাট, আনন্দম, স্বরব্যঞ্জন, সাংস্কৃতিক ইউনিয়ন, গণশিল্পী সংস্থা, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, ছবির লড়াই, বটতলা, সমাজ অনুশীলন কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, স্বাধিকার, সৃজন, তীরন্দাজ, মাভৈ, গণসাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এছাড়া, গেণ্ডারিয়ায় সিপিবি সূত্রাপুর থানা সংসদ এবং সাভারে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে মে দিবসের অনুষ্ঠান আয়োজন করে উদীচী। তেজগাঁও শিল্প এলাকা ও কাফরুলেও উদীচী’র উদ্যোগে আয়োজিত হয় মে দিবসের অনুষ্ঠান।
