ইউএস-বাংলা দুর্ঘটনা: আইসিএওতে যাওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
ইউএস-বাংলা এয়ারলাইন্স দুর্ঘটনায় নেপালের তদন্তে ধীরগতিতে ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) দারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর এই পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি, সাবেক বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, “কমিটিতে বিমান দুর্ঘটনার রিপোর্ট না পাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে। নেপাল রিপোর্ট দিতে দেরি করলে দরকার হলে আইসিএও’র কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেন, “কমিটি বলছে, দ্রুত রিপোর্ট না পেলে তো মানুষ বিষয়টি ভুলে যাবে। তখন সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নেপাল সিভিল এভিয়েশনের কাজ উল্লেখ করে তাদের করণীয় নেই বলে জানায়। এরপর কমিটির পক্ষ থেকে বেশি দেরি হলে আইসিএও’র কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে।”
ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ গত ১২ মার্চ ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে রওনা হয়ে কাঠমান্ডুতে নামার সময় দুর্ঘটনায় পড়ে। আরোহীদের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যান আরও দুজন। নিহত ওই ৫১ জনের মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশি।
সংসদীয় কমিটির বৈঠকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়ন কাজের ধীর গতিতেও ক্ষোভ প্রকাশ করা হয়।
বিমান বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে মো. নজরুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং সাবিহা নাহার বেগমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিট ফাঁকা থাকার কারণ অনুসন্ধানও করতে বলা হয়।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান ও সাবিহা নাহার বেগম অংশ নেন।
