২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা বন্ধ না হলে ইয়াবার চালানও বন্ধ হবে না: কোস্ট গার্ড ডিজি

চাহিদায় লাগাম পরাতে না পারলে দেশে ইয়াবার চালান আসাও বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 10:14 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ভর্তি পরীক্ষা, পড়াশোনা ও পরীক্ষার চাপের সঙ্গে মাদক গ্রহণের যোগসূত্র আছে কিনা তা নিয়ে গভীরভাবে গবেষণার অবকাশ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নিজের কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডপ্রধান জানান, কাজে বেশি সময় দেওয়ার জন্য অনেকে ইয়াবা সেবন করে এমন তথ্যও তাদের কাছে আছে। তাছাড়া পরীক্ষার সময় অনেক শিক্ষার্থী ইয়াবা সেবন করে থাকে।

শিক্ষার্থীরা ছাড়াও অন্য পেশার লোকজনও মাদক নিচ্ছে জানিয়ে এ ব্যাপারে সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য কেরন তিনি।

“কোস্ট গার্ড ইয়াবা বা যেকোনো মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা নিয়ে থাকে।”

এ ব্যাপারে বাবা-মার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “সন্তান রাত জেগে কেন থাকে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে এসব খেয়াল রাখতে হবে।”

মিয়ানমারে এক বৈঠকে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এম আওরঙ্গজেব চৌধুরী জানান, সেখানে ৭-৮ বছরের শিক্ষার্থীরাও ইয়াবা সেবন করে রাত জেগে পড়ালেখা করে।

তিনি বলেন, “চাহিদার সাথে সরবরাহের সম্পর্ক রয়েছে। চাহিদা বন্ধ করতে হবে। এজন্য সামাজিক সচেতনতা তৈরি করতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সভা-সেমিনারে এর কুফল নিয়ে আলোচনা করতে হবে। নানাভাবে প্রচার চালাতে হবে।”

সীমিত জনবল নিয়েও কোস্ট গার্ড দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে মহাপরিচালক বলেন, এই জনবল দিয়ে সর্ব্বোচ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে ডিউটির পাশপাশি জলপথে নিরাপত্তা, সুন্দরবনে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। আছে ইয়াবা চালান রোধ করা।

কোস্ট গার্ডের নিজস্ব গোয়েন্দা পরিদপ্তর করার একটি প্রস্তাব রয়েছে জানিয়ে তিনি বলেন, “হাজার হাজার ট্রলার কোনটাতে ইয়াবা আসছে তা জানার কথা না। কিন্তু গোয়েন্দা পরিদপ্তর থাকলে সেটা আরো সহজ হবে।”

এ বছর চার মাসে প্রায় ৬৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে মহাপরিচালক আরো বলেন, টেকনাফ, হিমছড়ি, সেন্টমার্টিন এলাকা থেকে বেশি ইয়াবা আটক হয়। এর মধ্যে এ বছর টেকনাফে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা আটক হয়।