যৌতুকের মামলায় আমতলীর ইউএনওকে আদালতে তলব
স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় বরগুনার আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরোয়ার হোসেন ও তার মা জান্নাতুল ফেরদৌসকে তলব করেছে ঢাকার একটি আদালত।
পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে গত ১৭ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেছিলেন সরোয়ার হোসেনের স্ত্রী একটি বেসরকারি কলেজের সাবেক শিক্ষক রুকসানা আক্তার (জিনিয়া)।
মুখ্য মহানগর হাকিম খুরশীদ আলম ওইদিনই শুনানি নিয়ে আগামী ২৭ মে দু্ইজনকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন। তবে মামলার খবর জানা যায় রোববার।
রুকসানার অভিযোগ, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
বিয়ের সময় সরোয়ার হোসেন নগদ এক লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, এলসিডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, ডিনার সেটসহ সাংসারিক বিভিন্ন জিনিসপত্র নেন।
মামলায় রুকসানা অভিযোগ করেছেন, ২০১৭ সালের ২৭ নভেম্বর স্বামী ও শাশুড়ি তার বাবার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আনতে কিংবা ঢাকায় একটি ফ্ল্যাট বা প্লট কিনে দেওয়ার জন্য মানসিক নির্যাতন করেন। টাকা অথবা ফ্ল্যাট কিনে দেওয়া না হলে সরোয়ার অন্যত্র বিয়ে করবেন বলেও তারা জানান।
এক পর্যায়ে আসামিদের চাপে শিক্ষকতাও ছাড়তে হয় বলে বাদী উল্লেখ করেছেন।
তার অভিযোগ, যৌতুক না দিতে পারায় শাশুড়ি গত ৮ জানুয়ারি তাকে ও তার বাবাকে ছেলের বাসায় শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে বের হয়ে যেতে বলেন। এরপর থেকে তার কোনো খোঁজখবর নিচ্ছেন না আসামিরা।
