যৌন হয়রানি: জগন্নাথের শিক্ষকের অপসারণ চায় শিক্ষার্থীরা
দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হালিম প্রামানিকের অপসারণ চেয়েছে শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রথম তদন্ত কমিটি যৌন নিপীড়নের অভিযোগের প্রমাণ পেল। আর দ্বিতীয় কমিটি নাকি ‘সাংঘাতিক কোনো প্রমাণ’ পাননি। যৌন নিপীড়নে সাংঘাতিক আর নরমাল বলতে তারা কি বুঝিয়েছেন?
গত বছর ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে নাট্যকলা বিভাগের তৎকালীন চেয়ারম্যান আবদুল হালিম প্রামানিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন তার বিভাগের এক ছাত্রী।
তদন্ত করে অভিযোগের সত্যতা পায় বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন প্রতিরোধ সেল’। এরপর আরেকটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ভিত্তিতে কয়েকদিন আগে সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে শুধু তিরস্কার করে তার পদোন্নতি দুই বছর পিছিয়ে দেয়।
এই উচ্চতর তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন অভিযোগকারী শিক্ষার্থীরা।
