বাংলাদেশি পাসপোর্টে বিদেশে দুই-আড়াই লাখ রোহিঙ্গা, ধারণা মন্ত্রীর
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দুই-আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে বলে মনে করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
শনিবার সকাল ৯টায় রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিস (এনআরবি) নামের একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ধারণার কথা জানান।
কয়েক দশক ধরে কক্সবাজারে আশ্রয় নেওয়া ৪ লাখের মতো রোহিঙ্গার অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ ছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের। এর মধ্যে গত বছরের অগাস্টে রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরুর পর আরও সাত লাখ রোহিঙ্গা যোগ হয় বাংলাদেশে।
এই রোহিঙ্গাদের অনেকে জালিয়াতি করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে নানা অপরাধে জড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ ছিল।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, “জাতীয় পরিচয়পত্র পেতে ইউনিয়ন পরিষদের ভূমিকা থাকে। সেটা সংগ্রহ করে রোহিঙ্গারা পাসপোর্ট সংগ্রহ করছে। আমার তো মনে হয় দুই-আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ চলে গেছে। তারা বিদেশ থেকে মিয়ানমারে অর্থ পাঠাচ্ছে।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা তৈরি করা, যা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও অধিকার রক্ষা করবে।
“আমরা প্রবাসীদের দেশে সংগঠিত হওয়ার জন্য উৎসাহ দিচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
সরকার যেকোনো উপায়ে প্রবাসীদের কল্যাণে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন এনআরবি চেয়ারম্যান এমএস শাকিল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এসকে শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রেজা হাসান এবং এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন)।
