২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকরা ধনী হলেও দরিদ্র হয়েছে ছাত্ররা’

শিক্ষকদের অতীত-বর্তমানের তুলনা করতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষার্থীদের যেভাবে গড়ে তোলা দরকার, এখনকার শিক্ষকরা তা করছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 06:36 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে ব্ক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী।

তিনি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেভাবে চলছে, একজন শিক্ষকের সন্তান হিসেবে এটি আমার কাছে খুব বেশি আনন্দের বিষয় মনে হয় না।

“আমাদের সময়ের শিক্ষকরা অনেক দরিদ্র ছিল কিন্তু ওই দরিদ্র শিক্ষকরা উদারহস্তে আমাদের দান করেছিলেন। যার ফলে আমরা ধনী হয়েছি। কিন্তু এখন শিক্ষকরা আগের তুলনায় অনেক ধনী কিন্তু ছাত্ররা দরিদ্র হয়েছে। হয়তো সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।”

নূর বলেন, “শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা আগের তুলনায় বেড়েছে। কিন্তু ছাত্রদের যেভাবে গড়ে তোলা দরকার, শিক্ষকরা সেভাবে কিন্তু গড়ে তুলছে না।

“একটা মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপার রয়েছে। কেবল বইয়ের কয়েকটা পৃষ্ঠা মুখস্ত করানো তো শিক্ষা নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা ওই সমাজটা গড়ার কাজ থেকে পিছিয়ে রয়েছি।”

মানুষ গড়ার কাজটি হলে এতো আলোচনা বা আইনের প্রয়োজন হত না বলে মনে করেন তিনি।

শিক্ষার মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ করে মূল্যবোধ তৈরির জন্য তিনি শিক্ষক ও পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।

উন্নয়নশীল দেশে পরিণত হতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার সাথে সংস্কৃতির চেতনার সমন্বয় ঘটানো জরুরি বলেও মনে করেন আসাদুজ্জামান নূর।

‘বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক এই সেমিনারে মন্ত্রী বলেন, “শৈশব থেকেই ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে অযাচিত দূরত্ব সৃষ্টি করার একটা প্রবণতা রয়েছে, যা তাদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বিকাশের অন্তরায় হিসেবে কাজ করে।”

সম্প্রতি প্রণীত বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান প্রসঙ্গে সভা-সেমিনার হলেও জোরালো কোনো প্রতিবাদ দেখা যায়নি মন্তব্য করে বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষক, মসজিদের ইমাম, সংস্কৃতিকর্মী, সরকার- সবাইকে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও আইন প্রয়োগের পাশাপাশি দৃষ্টিভঙ্গি বদলানোরও তাগিদ দেন তিনি।

বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ক্ষেত্রে নারীদের আঠারো বছর বয়সের নিচে বিয়ের বৈধতা সম্পর্কিত বিশেষ বিধান প্রণয়নে নারীদের মতামত নেওয়া হয়েছে কিনা, সে প্রশ্ন তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার‌্য অধ্যাপক নাসরীন আহমাদ।

দেশের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাল্যবিবাহের পক্ষে ও নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয় দাবি করে তিনি বলেন, “এসব সত্ত্বেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ ক্রমান্বয়ে সচেতন হচ্ছে, যা আমাদের মনে আশার সঞ্চার করে।”

সেমিনারে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন ঘটনাবলি সম্বলিত ‘হোক স্বপ্নের জয়’ বই এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর উল্লেখযোগ্য ধারা সম্বলিত একটি ফেস্টুন উন্মোচন করা হয়।

পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম তৌহিদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মহসিন আলী প্রমুখ।