২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তিম শয়ানে কবি বেলাল চৌধুরী

জন্মভূমিতে আপনজনের ভালোবাসায় সিক্ত হয়ে অন্তিম শয়ানে গেলেন কবি বেলাল চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 09:31 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

বুধবার রাতে ফেনীর শর্শদি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কবির শবযাত্রায় অংশ নেওয়া কবি পিয়াস মজিদ।

পিয়াস জানান, বুধবার বাদ এশা শর্শদি গ্রামের মো. আলী মসজিদে তার তৃতীয় দফা জানাজা হয়। সেখানে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মনোজ কুমার রায় কবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে রাত ৯টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কবি বেলাল চৌধুরীকে।

এর আগে সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় নাগরিক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবির মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

দীর্ঘ দিন ধরে অসুস্থ কবি বেলাল চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

১৯৩৮ সালের ১২ নভেম্বর জন্ম নেওয়া বেলাল চৌধুরী ছিলেন নয় ভাইবোনের বড়।

ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন বামধারার রাজনীতিতে, পরে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দিয়ে তিনি জেলও খাটেন।

ষাটের দশকে কলকাতাবাসের সময় সাহিত্য পত্রিকা কৃত্তিবাস সম্পাদনায় যুক্ত হন। পরে তিনি পল্লী বার্তা, সচিত্র সন্ধানী ও ভারত বিচিত্রা পত্রিকায় সম্পাদনায়ও ছিলেন।

বেলাল চৌধুরী ‘বল্লাল সেন’, ‘ময়ূর বাহন’, ‘সবু্ক্ত গীন’ ছদ্মনামে লিখতেন । কবিতা, গদ্য, অনুবাদ, সম্পাদনা, শিশুসাহিত্য মিলিয়ে তার সর্বমোট গ্রন্থ সংখ্যা পঞ্চাশের বেশি।

তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে, ‘নিষাদ প্রদেশে’, ‘বেলাল চৌধুরীর কবিতা’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থির জীবন ও নিসর্গ’, ‘জলবিষুবের পূর্ণিমা’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘বত্রিশ নম্বর’, ‘যে ধ্বনি চৈত্রে শিমুলে’, ‘বিদায়ী চুমুক’ ইত্যাদি।

তার কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে, ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’, ‘ডুমুরপাতার আবরণ’, ‘চেতনার রঙ চন্দ্রশিলা’,  ‘লাকসাম দাদা ও অন্যান্য গল্প’ ইত্যাদি।

গদ্যনির্ভর গ্রন্থের মধ্যে রয়েছে, ‘কাগজে কলমে’, ‘মিশ্রচিত্রপট’, ‘নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়’, ‘জীবনের আশ্চর্য ফাল্গুন’, ‘নবরাগে নব আনন্দে’, ‘সুন্দরবন, সোঁদরবন ও রবীন্দ্রনাথ’, ‘মুহূর্তভাষ্য’, ‘বল্লাল সেনের ব’কলমে বেলাল চৌধুরীর রোজনামা’ ইত্যাদি।

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

শিশুকিশোরবিষয়ক গ্রন্থের মধ্যে রয়েছে, ‘সাড়ে বত্রিশ ভাজা’, ‘সপ্তরত্নের কাণ্ডকারখানা’, ‘সবুজ ভাষার ছড়া’ ইত্যাদি।

গদ্য-পদ্যের পাশাপাশি বেলাল চৌধুরী পাশ্চাত্যের কবি বোর্হেস, নেরুদা, ডিলান টমাস, অক্টাভিও পাজের মতো কবিদের লেখা তর্জমাও করেছেন। সম্পাদনা করেছেন বেশকিছু স্মারকগ্রন্থও।

সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘জলের মধ্যে চাঁদ ও অন্যান্য জাপানি গল্প’, ‘বিশ্বনাগরিক গ্যেটে’, ‘পাবলো নেরুদা-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’, ‘শামসুর রাহমান সংবর্ধনাগ্রন্থ’, ‘পদাবলী কবিতা সংকলন’, ‘কবিতায় বঙ্গবন্ধু’ ইত্যাদি।

অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে, ‘গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুর কড়ানাড়া’, ‘তিন হাত ঘুরে’, ‘ত্রাস্তেরো’, ‘তাজউদ্দীন আহমেদের ডায়েরি (১-৫ খণ্ড) ইত্যাদি।

বেলাল চৌধুরী কলকাতা থেকে ১৯৭৪ সালে বাংলাদেশে ফিরে আসেন, যোগ দেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে। এসময়ে জাতীয় কবিতা পরিষদ ও পদাবলী কবিতা সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বেলাল চৌধুরী পেয়েছেন একুশে পদক। পরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নীহাররঞ্জন স্বর্ণপদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ সম্মাননাসহ নানা সম্মাননা পেয়েছেন।

বেলাল চৌধুরীর তিন পু্ত্রকন্যা হলেন, আব্দুল্লাহ প্রতীক ইউসুফ চৌধুরী, সাফিয়া আক্তার চৌধুরী মৌরী ও আব্দুল্লাহ নাসিফ চৌধুরী পাবলো।