২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ছাত্রীকে ‘যৌন হয়রানি’: চালকসহ তিনজন রিমান্ডে

উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার তুরাগ পরিবহনের বাস চালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 10:07 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী মঙ্গলবার এই আদেশ দেন।

ওই তিনজন হলেন- বাস চালক রোমান (২৭) এবং তার দুই সহকারী মনির (২৭) ও  নয়ন (২৯)।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই তাপস কুমার ওঝা এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

তার আবেদনে বলা হয়, এটি চলন্ত বাসে একজন ছাত্রীকে যৌন হয়রানির মামলা। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আসামিদের কার কী ভূমিকা ছিল এবং প্রকৃত ঘটনা কী- তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামিদের পক্ষে আইনজীবী ইকবাল হোসেন ও হাতেম আলী রিমান্ডের বিরোধিতা করে বলেন, তাদের মক্কেলরা ওই ঘটনায় জড়িত নন।

দুই পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২১ এপ্রিল উত্তরা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তুরাগ বাসে ওঠেন ওই ছাত্রী। বাসটি নতুন বাজার যাওয়া পর যাত্রীরা নেমে গেলে আসমিরা ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। 

ওই ঘটনায় মেয়েটির স্বামী গত ২২ এপ্রিল গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে গুলশান থানা পুলিশ গত সোমবার বিকালে ঢাকার সায়েদাবাদ থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

এদিকে হয়রানির শিকার হওয়া ওই ছাত্রী মঙ্গলবার আদালতের কাছে ২২ ধারার জবানবন্দিতে ঘটনার বিবরণ দেন।

পরে তিনি নিজের জিম্মায় বাসায় ফেরার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই শওকত আলী।

পুরনো খবর:

বাসে সহপাঠীকে হেনস্তার পর বিক্ষোভে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা