সরকার খালেদাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: জয়নুল
সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ রেখে ‘মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিলম্ব না করে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারকে প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে সমিতির আওয়ামীপন্থি আইনজীবীরা ছিলেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, “আমরা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসাবে আমরা উদ্বিগ্ন।”
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের ওই কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাদের নেত্রীকে যেভাবে কারাগারে রাখা হয়েছে, তাতে তার ‘মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’।
“একটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রীকে নির্জন কারাঘরে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারকে অনুরোধ করছি কাল বিলম্ব না করে কারাগারের বাইরে দেশের স্পেশালাইজড হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার জন্য।”
খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়ায় এ মাসের শুরুতে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে সরকার। তবে তার অসুস্থতা ‘গুরুতর নয়’ বলে স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়েছিলেন ওই বোর্ডের প্রধান।
খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকদের দেখাতে এবং এক্সরে করার জন্য গত ৭ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও নেওয়া হয়েছিল।
তবে সরকারের গঠিত এই মেডিকেল বোর্ড নিয়ে বিএনপির অনাস্থা রয়েছে। দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে দলটির নেতারা খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে এসেছেন।
সরকারই খালেদা জিয়াকে ‘অসুস্থ বানিয়েছে’ মন্তব্য করে জয়নুল বলেন, “কোনো টাকা আত্মসাৎ না হওয়ার পরও বানোয়াট-ভিত্তিহীন কাগজপত্রের ওপর ভিত্তি করে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে নির্জন কারাগারে নিক্ষেপ করেছে।”
এই আইনজীবী বলেন, “আমরা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থাশীল। আশা করি আগামী ৮ মে দেশের সর্বোচ্চ আদালত সব দিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিন দেবেন।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বারের বিএনপিপন্থি সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
