ডিজিটাল নিরাপত্তা আইন: সাংবাদিকদের জন্য সুরক্ষার বিধি চায় বিএফইউজে
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক বা গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োগের আগে একটি কমিটির মাধ্যমে প্রেস কাউন্সিলের অনুমোদন নেওয়ার দাবি বিধান চায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
সচিবালয়ে সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে বিএফইউজের শীর্ষ নেতারা প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানান।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল পরে সাংবাদিকদের বলেন, “প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমরা দশটি পর্যবেক্ষণ তুলে ধরেছি এবং একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি।
“আমরা বলেছি, আইনটি সংসদে পাস হওয়ার পরে প্রয়োগ করার ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক সেফটি নেট সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য থাকা উচিত।”
সাংবাদিক সমিতির এই নেতা বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে ব্যাপক অপপ্রয়োগের অভিযোগ ওঠার পর সরকারের পক্ষ থেকে পুলিশকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল সংবাদকর্মীদের বিরুদ্ধে ওই ধারা প্রয়োগের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তার আলোকেই তারা নতুন প্রস্তাব দিয়েছেন।
ওই কমিটিতে সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, সংসদ সদস্য ছাড়াও সরকারের প্রতিনিধি রাখার প্রস্তাব রেখেছে বিএফইউজে।
বুলবুল বলেন, “প্রেস কাউন্সিলকে প্রাতিষ্ঠানিকভাবে এর সঙ্গে সম্পৃক্ত করা হলে প্রাতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিলও শক্তিশালী হয়, আমরাও একজন পুলিশ কর্মকর্তার ইচ্ছা-অনিচ্ছার উপরে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাই না। আমরা মনে করি, আমাদের প্রতিষ্ঠান হিসেবে প্রেস কাউন্সিল সেক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে।”
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে সম্পাদক পরিষদ, টিভি মালিকদের সংগঠন অ্যাডকো ছাড়াও বিএফইউজ’র প্রতিনিধিদের ডাকার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বুলবুল।
পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। সংবিধানে যে বাকস্বাধীনতার কথা বলা আছে, ফ্রিডম অব প্রেসের কথা বলা আছে, সেটায় অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি বলেই আমরা এ আইন নিয়ে সন্দেহ দূর করার জন্য যা যা দরকার করব।
“সে কারণেই সংসদীয় কমিটিতে যখন খোলামেলা আলাপ-আলোচনা হবে। আমরা যে আইনটা তখন করতে পারব, সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেই আইনটায় কেউ ভীত হবে না। এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য।”
বিএফইউজের দাবিগুলোকে ‘যৌক্তিক’ হিসেবে বর্ণনা করে আনিসুল হক বলেন, “আমি মনে করি কিছু কিছু ধারার ব্যাপারে আমাদের বক্তব্যও যদি শোনা হয়, সংসদীয় কমিটির মিটিংয়ে আমরা যদি দুই পক্ষ বক্তব্য দিই, অনেক কিছুই স্পষ্ট হবে। যে প্রস্তাব এসেছে, সেগুলোও হয়ত সংশোধন, পরিমার্জন বা পরিবর্ধন হবে।”
মে মাসের শেষ দিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সম্পাদক পরিষদ, বিএফইউজে, অ্যাডকোসহ সংশ্লিষ্ট সবাইকে একটি সভায় ডাকবেন বলে জানান আইনমন্ত্রী।
বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।
গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে গত ৯ এপ্রিল তা সংসদে উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা তথ্য প্রযুক্তি আইন থেকে সরিয়ে সেগুলো আরও বিশদ আকারে যুক্ত করে এই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে।
এ আইন পাস হলে হ্যাকিং; ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে ‘অপপ্রচার’; রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করতে বা ভয়ভীতি সৃষ্টির জন্য কম্পিউটার বা ইন্টারনেট নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ডিজিটাল উপায়ে গুপ্তচরবৃত্তির মত অপরাধে ১৪ বছরের কারাদাণ্ডের পাশাপাশি কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
আর ইন্টারনেটে কোনো প্রচার বা প্রকাশের মাধ্যমে ‘ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধে আঘাত’ করার শাস্তি হবে ১০ বছরের জেল, ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।
খসড়া আইনটির মন্ত্রিসভার অনুমোদনের পর থেকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে। সাংবাদিকরাও প্রস্তাবিত আইনটির ৩২ ধারায় সমালোচনা করছেন। এই আইনের ফলে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হবে বলে মনে করছেন তাদের অনেকে।
ওই ধারায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি বেআইনিভাবে প্রবেশ করে কোনো ধরনের তথ্য উপাত্ত, যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করে, তাহলে সেটা গুপ্তচরবৃত্তির অপরাধ হবে এবং এ অপরাধে ১৪ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডর বিধান রাখা হয়েছে।
