২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে নগরে নানা আয়োজন

বাংলা নববর্ষকে বরণ করে নিতে নগরে নানা প্রান্তে ছিল নানা আয়োজন। নৃত্যগীতে বৈশাখ বন্দনার পাশাপাশি ছিল বৈশাখী মেলাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2018, 11:43 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

শনিবার বিকালের আচমকা বৃষ্টিতে উন্মুক্ত আয়োজন সব লণ্ডভণ্ড হয়ে গেলেও উৎসবের রেশ ছিল সন্ধ্যাজুড়েও। বৃষ্টি উপেক্ষা করেই উৎসবমুখর নাগরিক স্রোত চলেছে বর্ষবরণের নানা আয়োজনে।

নিরাপত্তা ইস্যুতে বর্ষবরণের উন্মুক্ত আয়োজনে সময় সঙ্কোচনে পুলিশ প্রশাসনের তুমুল সমালোচনার মধ্যেই ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিকাল ৫টার পরে হাজির হয়েছিলেন নগরের এক উন্মুক্ত আয়োজনে।

নির্ধারিত সময়ের মধ্যে উন্মুক্ত আয়োজন শেষ হয়ে গেলেও শহরের বৃষ্টি ভেজা পথে ছিল উৎসবমুখর মানুষের ঢল। শেষ বিকালে রামপুরা, মগবাজার ও তেজগাঁও এলাকার বাসিন্দাদের উপচেপড়া ঢল নামে হাতিরঝিলে।

বাংলা একাডেমিতে বৈশাখী মেলা

বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর যৌথ উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা।

বিকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  এই মেলা উদ্বোধন করেন। বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতি সন্ধ্যায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে শনিবার সকালে বাংলা একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ, একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।  এ বছর নববর্ষ বক্তৃতা প্রদান করেন প্রাবন্ধিক-গবেষক আবুল মোমেন। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।

নববর্ষের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক চেতনা ধারণের প্রগতিশীল ও সমৃদ্ধশালী জাতিরাষ্ট্র গঠনের দিকে জাতি এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন আহমদ রফিক।

তিনি বলেন, “বাংলা নববর্ষ উৎসব বাঙালির বৃহত্তর জাতীয় উৎসব। এই নববর্ষের মানবমুখী চেতনাই পারে সকল ধরনের মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে। ”

সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সংগীত পরিবেশন করে ‘সরকারি সংগীত কলেজ’-এর শিল্পীরা।

বাংলা একাডেমি প্রকাশিত বই নিয়ে শনিবার একাডেমি প্রাঙ্গনে শুরু হয়েছে ‘বইয়ের  আড়ং’।  ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে বইয়ের মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

বিকাল ৫টার পর হাজির ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখে সময় নিয়ন্ত্রণের প্রতিবাদে গত দুই বছর নগরে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এ বছর প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা পাওয়ার পর বর্ষবরণে নগরে উন্মুক্ত আয়োজন করে জোট। বিকাল পৌনে ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে যন্ত্রসংগীতের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

উন্মুক্ত আয়োজনে সময় সঙ্কোচন করা হলেও রবীন্দ্র সরোবরের এই অনুষ্ঠানটি সন্ধ্যার পরও চালাতে অনুমতি ছিল ডিএমপির।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বিকাল ৫টার পরে এই আয়োজনে যোগ দিয়েছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, আরিফ রহমান শোনান শাহ আবদুল করিমের গান।

আবিদা রহমান সেতুর ধামাইল গান পরিবেশনার পাশাপাশি  সানজিদা মঞ্জুরুল হ্যাপি শোনান লোকগীতি।

অনুষ্ঠানে আকরামুল ইসলাম শোনান মরমি সাধক হাসন রাজার গান।  কানন বালা সরকার, শান্তা সরকার-পরিবেশন করেন লোকগীতি।  সমীর বাউল শোনান লালনগীতি, রঞ্জিত বাউল ও মমতা দাসীরা পরিবেশন করেন বাউল সঙ্গীত। ছিল বাউল দেলোয়ার ও সনিয়া বাউলের পরিবেশনা।  পরে শফিউল আলম রাজা ভাওয়াইয়া গান পরিবেশন করেন।

একক আবৃত্তি পর্বে রেজীনা ওয়ালী লীনা, ঝর্ণা সরকার আবৃত্তি পরিবেশন করেন। দলীয় নৃত্য পরিবেশনায় ছিল নৃত্যম,  ও নৃত্যজন।

মুক্তিযুদ্ধ জাদুঘরে নববর্ষ বরণ

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে নববর্ষ বরণ অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ  অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যজন ও সঙ্গীতাঙ্গন মনিপুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে কল্পরেখা, ইউসেপ স্কুল, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ও বধ্যভূমির সন্তানদলের পরিবেশনা। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন রঞ্জিত দাস বাউল ও মমতা দাসী।

বেঙ্গল বই-এ আয়োজন

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন লালমাটিয়ার বেঙ্গল বইয়ে আয়োজন করেছিল  গানের আসর ‘পরান ভরি দাও’।  শনিবার ছিল এই আয়োজনের তৃতীয় দিন।

এই আয়োজনে শনিবার সকালে বাঁশি আর গানের সুরে  নতুন বছরকে স্বাগত জানান ফরিদপুর হতে আগত পথিক বাউল ও তার দল।

বাউলরা তাদের লোকজ যন্ত্র (একতারা, বাওয়া, খমক, সারিন্দা) বাজিয়ে গান করেন। শিল্পীদের মধ্যে ছিলেন সিরাজ বাউল, মহর বাউল, সুমন বাউল, আরিফ এবং শিশু শিল্পী আরিফা।   

চার দিনের উৎসবের শেষ দিন রোববার, ১৫ এপ্রিল সন্ধ্যায় থাকছে লোকগানের অনুষ্ঠান।  সেদিন পারফর্ম করবেন হালিমা পারভীন এবং ভজন বাউল।