বৈশাখী ভোরে মাটি-মাতার বন্দনা রমনা বটমূলে
যে মাটি দিয়েছে আশ্রয়, তার গভীরে শিকড় ছড়িয়ে, আবহমান বাংলার প্রাণ-প্রকৃতির সুর কণ্ঠে নিয়ে বিশ্বায়নের ঐকতানে শামিল হওয়ার প্রত্যয় এসেছে রমনা বটমূলের বৈশাখী বার্তায়।
ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেছেন, “শিকড়ের মাটিতে দৃঢ়বদ্ধ থেকে বিশ্বায়নের ফলে পাওয়া সত্য-সুন্দরকে আত্মগত করে ঋদ্ধ হব আমরা।”
বাঙালির জীবনে শনিবার ভোর এসেছে নতুন বারতা নিয়ে। এই ভোরের আলোয় বাংলা পঞ্জিকায় সূচনা ঘটেছে নতুন বছরের।
নারী-পুরুষের রঙিন সাজে, শিশুর মুখের হাসি আর বর্ণিল পোশাকে তাই বৈশাখী রঙ। নানা আয়োজনে, নানা আঙ্গিকে সারা দেশে চলছে বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব।
সংগীতায়ন ছায়ানট ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করেছে বিশ্বায়নের বাস্তবতায় বাঙালির আত্মপরিচয়ের তালাশ নেবার আহ্বানে।
সূরে্যাদয়ের সঙ্গে মর্তুজা কবিরের বাঁশিতে রাগ আহীর ভাঁয়রো পরিবেশনার মধ্যে দিয়ে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের প্রভাতী আয়োজন।
একক ও সম্মেলক কণ্ঠে সংগীত পরিবেশনা আর কবিতার পংক্তিমালায় ছায়ানটের শিল্পীরা স্বাগত জানান পহেলা বৈশাখকে।
প্রভাতী আয়োজনে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, “যে মাটি আমাদের পায়ের তলায় আশ্রয়, জন্মের শুভক্ষণে সেই মাটিতেই ভূমিষ্ঠ হয়েছি আমরা। জন্মসূত্রে এ মাটি আমাদের একান্ত আপন। সে মাটির বুকে শিকড়ের মত পা ডুবিয়ে মাটি-মাতাকে জানব আমরা। এমন স্বভাবসম্মত প্রক্রিয়ায় বেড়ে উঠে আত্মপরিচয়ে প্রত্যয়ী, আর প্রতিষ্ঠিত হব আমরা বাংলাভূমির সর্বজন “
পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে জাতীয় জাগরণ গড়ে তুলতে ষাটের দশকে যে সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক সংগঠন ছায়ানট গড়ে তুলেছিলেন তাদেরই একজন সনজীদা খাতুন। ছায়ানটের উদ্যোগেই ১৯৬৭ সালে রমনার বটমূলে হয় প্রথম বর্ষবরণের অনুষ্ঠান।
তার বিশ্বাস, অশুভ কালো অপশক্তির বিপরীতে আপন মাটির রস-সম্পদ আর বিশ্ব মানসের ‘সহজ যোগ’ বয়ে আনবে কল্যাণ।
সার্বিক কল্যাণের বোধে পূর্ণ প্রীতিতে ‘সর্ব মানবের অভিমুখে’ সংস্কৃতিকর্মীদের যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান ৮৫ পেরুনো এই শিল্পী, সংগঠক।
গানে-কবিতায় স্বাগত নতুন ভোরকে
বাঁশিতে রাগ আহীর ভাঁয়রোয় রমনা বটমূলের প্রভাতী আয়োজন শুরুর পর একক সংগীত পর্বে অভয়া দত্ত পরিবেশন করেন ‘শুভ প্রভাতে পূর্ব গগনে’; সুমা রাণী রায় শোনান ‘প্রথম আলোর চরণধ্বনি’; খায়রুল আনাম শাকিল শোনান ‘জাগো অরুণ ভৈরব’; সত্যম কুমার দেবনাথ গেয়েছেন ‘প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে’; সেঁজুতি বড়ুয়া শোনান ‘তোমার হাতের রাখীখানি’।
তাদের গানের ফাঁকে ফাঁকে চলতে থাকে ছায়ানটের শিশু ও বড়দের দলের সম্মেলক গানের পরিবেশনা।
পরে সুস্মিতা দেবনাথ শুচি শোনান ‘আজি গাও মহাগীত’, মাহমুদুল হাসান শোনান ‘গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ’, লাইসা আহমেদ লিসা শোনান ‘জল বলে চল’, শামীমা নাজনীন শোনান ‘পৃথিবীজোড়া গান’।
পরে সেমন্তী মঞ্জরী শোনান ‘মালা হতে খসে পরা’, এ টি এম জাহাঙ্গীর শোনান ‘তোমার দ্বারে কেন আসি’, শামীমা পারভিন শিমু গাইলেন ‘শ্যামলা বরণ বাংলা মায়ের’, মঈদুল ইসলাম গাইলেন ‘ধূলি পিঙ্গল জটাজুল মেলে’, নুসরাত জাহান রুনা শোনান ‘ও আমার বাংলাদেশের মাটি’ গানগুলো।
মো. খায়রুল ইসলাম ‘শিরনি খাওয়ার লোভ যার আছে’ এবং আবুল কালাম আজাদ ‘জীবন আমার ধন্য যে হয়’ গানগুলো গেয়ে শোনান।
সম্মেলক গান পর্বে ছায়ানটের ‘বড়দের দল’ পরিবেশন করে ‘পূর্ব গগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত’, ‘ওই পোহাইল তিমিররাতি’, ‘শুভ সমুজ্জ্বল হে চির নির্মল’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘ও আমার দরদী আগে জানলে’ গানগুলো।
‘ছোটদের দল’ পরিবেশন করে ‘প্রভাত বীণা তব বাজে’, ‘আজি নূতন রতনে’, ‘মেঘ বিহীন খর বৈশাখে’, ‘এলো এলো রে বৈশাখী ঝড়’, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’ গানগুলো।
পরে আবৃত্তিশিল্পী হাসান আরিফ পরিবেশন করেন হুমায়ূন আজাদের ‘শুভেচ্ছা’ কবিতাটি।
প্রভাতী আয়োজনের একেবারে শেষ অংশে ছোট ও বড়দের দল যৌথভাবে পরিবেশন করে ‘ওরে আইল বৈশাখ নয়া সাজে’ গানটি।
ছায়ানট সভাপতি সনজীদা খাতুনের কথন পর্বের পর রীতি অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনায় শেষ হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন।
