২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্য বিপথে গেলে সব আয়োজন বৃথা: সনজীদা খাতুন

সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে নিজের দেশ, সমাজের প্রতি ভালোবাসা সঞ্চারিত করা না গেলে সব কিছু ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন সংস্কৃতিকর্মী সনজীদা খাতুন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 07:17 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

বর্ষবরণের উৎসব এখন বেসুরো সনজীদা খাতুনের কাছে

সংস্কৃতি চর্চার প্রচলিত রীতিতে অসন্তুষ্ট ছায়ানট সভাপতি; গ্রামের মানুষের কাছে না গিয়ে শুধু মৌসুমভিত্তিক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কাজ হবে না বলে মনে করেন তিনি। তরুণ প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিয়েছেন তিনি।

বাংলা নববর্ষ বরণের প্রাক্কালে শুক্রবার ছায়ানটে প্রাক-প্রস্তুতি পর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সনজীদা খাতুন বলেন, “সংস্কৃতি যত ছড়াবে মানুষের মন তত আনন্দিত হবে। সংস্কৃতির সঙ্গে সৌন্দর্যের একটি যোগসূত্র রয়েছে। আমরা যদি সেটাকে মানুষের মনে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে মানুষ হত্যা, জঙ্গিবাদ, অন্যায় ও প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে পারে।”

পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে জাতীয় জাগরণ গড়ে তুলতে ষাটের দশকে যে সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক সংগঠন ছায়ানট গড়ে তুলেছিলেন তাদেরই একজন সনজীদা খাতুন। ওই ছায়ানটের উদ্যোগেই ১৯৬৭ সালে রমনার বটমূলে হয় প্রথম বর্ষবরণের অনুষ্ঠান।

স্বাধীনতার সাড়ে চার দশক পরে এসে তরুণদের বড় অংশই মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘জানে না’ বলে মনে করেন স্বাধীনতা সংগ্রামসহ এদেশের সব প্রগতিশীল আন্দোলনের কর্মী সনজীদা খাতুন।

তিনি বলেন, “এই প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেকটা অবহিত নয়। তাদের কাছে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা দরকার। তারা যদি এটা না জানে তাহলে তারা দেশের জন্য ভালোবাসা অনুভব করবে না।”

Image
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বঙ্গাব্দ ১৪২০ (২০১৪ খ্রিস্টাব্দ)। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বঙ্গাব্দ ১৪২০ (২০১৪ খ্রিস্টাব্দ)। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক।

দেশের পরিস্থিতি সম্পর্কে তরুণ প্রজন্মের মনে নানা প্রশ্নের উদ্রেক করে তাদের সচেতন করে তুলতে না পারলে সব আয়োজন ‘বৃথা যাবে’ বলে সতর্ক করেন তিনি।

ধারাবাহিক কার্যক্রম ছাড়া শুধু ঘটা করে সাংস্কৃতিক উৎসব-অনুষ্ঠান আয়োজন করলেই মানুষকে সংস্কৃতিবান করা যাবে না বলে মনে করেন সনজীদা খাতুন।

তিনি বলেন, “আমরা চাই, দেশের মানুষ সংস্কৃতিবান হোক। কেবল কিছু মঞ্চ সাজিয়ে অনুষ্ঠান করলে তাতে কেবল নিজেরা আনন্দিত হওয়া ছাড়া কিছু হয় না। তাতে মানুষের মনে খুব দীর্ঘ ছাপও পড়ে না। সাংস্কৃতিক কার্যক্রমকে ধরে রাখতে হবে, চর্চা করতে হবে, সারা বছর ধরে এর পরিচালনা করতে হবে।”

সাংস্কৃতিক সংগঠনগুলোকে সারা বছর প্রশিক্ষণ ও নানা প্রতিযোগিতা অনুষ্ঠানের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলনের ব্যর্থতা তুলে ধরে সনজীদা খাতুন বলেন, “আমরা গ্রামের দিকে একেবারে যেতে পারিনি। এটা যে আমাদের কত বড় ভুল! এটার সংশোধনের কোনো পথও আমরা দেখিনি।”

গত বছর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতি চর্চাকে তৃণমূলে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই আহ্বানের পর বছর পেরিয়ে গেলেও তার সঙ্গে সংস্কৃতিকর্মী বা সংগঠক কেউ যোগাযোগ না করায় হতাশা প্রকাশ করেন ছায়ানট সভাপতি।

তিনি বলেন, “সংগঠন সবগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কেউ এলো না। কেউ কেউ আলাদাভাবে সৃষ্টিশীল কাজ করছে। কিন্তু সেগুলো খুব প্রচারমূলক। আমার এটাই‍দুঃখ রয়ে গেল যে, কেউ সাড়া দেয়নি, যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে বড় ভরসা পেতাম।”

Image
সনজীদা খাতুন, ৮৫ বছর পেরিয়েও সক্রিয়

সনজীদা খাতুন, ৮৫ বছর পেরিয়েও সক্রিয়

সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় নিজেদের মধ্যে এই দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অন্ধকারের শক্তি রুখতে সংস্কৃতি চর্চার পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে সনজীদা খাতুন বলেন, “আমরা সংস্কৃতিকর্মীরা যত ভালো কথাই বলি না কেন, খেটে খাওয়া মানুষ এসে বলবে- ‘খেতে পাই না, তোমাদের কথা শুনব কেন?’

“তাদের জন্য কিছু করার সাধ্য যাদের আছে, তারা তাদের জমিটা কেড়ে নিয়ে যাচ্ছে। আর এতে মার খাওয়ারও শেষ হচ্ছে না। উল্টো দিকে যারা বোমা হামলা করছে, তাদের আমরা থামাতে পারছি না।”

ছায়ানটের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করতে গিয়ে এর সহযোগী প্রতিষ্ঠান নালন্দা বিদ্যালয়ের ‘ইতিহাস কথা কও’ এবং ‘মানুষের গান গাও’ শিরোনামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার কথা জানান সংগঠনটির সভাপতি।

ছায়ানট বা তার আরেক সহযোগী সংগঠন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শুধু শুদ্ধ সংগীত চর্চা ও প্রসারে সীমাবদ্ধ নয়, দুটি সংগঠনই বাঙালি সংস্কৃতির চর্চা, ধারণ ও বিস্তার করতে ‘সচেষ্ট’ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।