২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকদের ‘সুমতি’ আনতে মালিক-শ্রমিকদের উদ্যোগ

ঢাকা শহরে গণপরিবহনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য চলছে স্বীকার করে এই খাতে শৃঙ্খলা আনতে উদ্যোগী হয়েছে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 12:48 AM

Updated : 19 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মালিক-শ্রমিকদের এক যৌথ সভার পর্যালোচনায় চালকদের বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়গুলো উঠে আসে। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ করেন অনেক শ্রমিক নেতা।

সম্প্রতি রাজধানীতে দুই বাসের পাল্লায় একের পর এক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়, গণপরিবহনে ধর্ষণ, নারী নিগ্রহসহ বিভিন্ন খারাপ খবরের পরিপ্রেক্ষিতে এই যৌথ সভায় বসেন মালিক-শ্রমিকরা।

সভার সভাপতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, “সারা দেশের গণপরিবহন ব্যবস্থা অনেক উন্নত হলেও কেবল ঢাকা শহরের গণপরিবহন নানা বিশৃঙ্খলায় নিমজ্জিত। কেবল ঢাকা শহরের গণপরিবহনে কিছু বিশৃঙ্খলার কারণে গোটা পরিবহন খাত কলঙ্কিত হচ্ছে।”

পরিস্থিতির উন্নয়নে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বিভিন্ন বাস কোম্পানির মালিকরা তাদের পরামর্শ তুলে ধরেন।

প্রচেষ্টা পরিবহনের মালিক মেহেদী হাসান বেলাল বলেন, চালকদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করতে হবে। তাদের কাছ থেকে প্রয়োজনে জামানতও নিতে হবে। এক কোম্পানিতে চাকরিরত অবস্থায় অপরাধ করে যাতে অন্যত্র চলে যেতে না পারে সেজন্য ছাড়পত্রের ব্যবস্থা থাকতে হবে।

“চালকরা মাদক ও নেশায় নিমজ্জিত। তাদের এই বিষয়ে বোঝাতে হবে। জীবন, সংসার ও সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহী করতে হবে।”

চালকদের স্বাস্থ্যের কথা ভাবতেও মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মেহেদী বলেন, “তাদের ফিজিকাল ফিটনেসের দিকে নজর দিতে হবে। এটিও দুর্ঘটনার একটা কারণ। একজন চালক একদিন গাড়ি চালানোর পর পরের দিন তাকে রেস্ট দিয়ে আরেকজনকে গাড়িতে তুলতে হবে।”

চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, পেশার প্রতি আগ্রহী করে তুলতে তাদের জন্য কল্যাণ তহবিল, ইন্স্যুরেন্স ইত্যাদি চালু করতে হবে।

চালকদের শ্রমের প্রকৃত মূল্য দিলে তারা চুরি, নেশা, ধর্ষণসহ নানা অপরাধের পথ থেকে ফিরে এসে পারিবারিক জীবনে মন দেবে বলেও মনে করেন তিনি।

যমুনা ডিলাক্সের মালিক প্রতিনিধি অভিযোগ করেন, পুলিশ বৈধ গাড়িকেও ‘জরিমানা করে’। তাদের দেখে চালকরা বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে, তখনও এক্সিডেন্ট হয়।

রাজধানী সুপার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির আহমেদ বলেন, দেশে-বিদেশের দুর্ঘটনার প্রামাণ্য চিত্র দেখিয়ে চালকদের প্রশিক্ষণ দিতে হবে।

মতিঝিল-বনানী পরিবহনের ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, “মোবাইল কোর্ট ও ট্রাফিক পুলিশের হয়রানির কারণে চালক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। তারা কোনো কাগজ মানে না, যাকে ধরে তাকে জরিমানা করেই ছাড়ে। এটাও নৈরাজ্যের একটা কারণ।”

ফুলবাড়িয়া বাস টার্মিনালের শ্রমিক নেতা নুরুল আমিন নুরু বলেন, শুধু চালক ও মালিক নয়, অনেক সময় পারিপার্শ্বিকতাও দুর্ঘটনার জন্য দায়ী হয়। পথচারীরা ফুটপাত রেখে রাস্তায় নেমে পড়ে। রাস্তা ভাঙাচোরা থাকে। তাই সব পক্ষকেই দুর্ঘটনা রোধে সচেতন হতে হবে।

সমাপনী বক্তব্যে এনায়েত উল্যাহ বলেন, “গণপরিবহনে নৈরাজ্যকর পরিস্থিতি কমাতে বার বার বলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। চালকরা বিআরটিএতে লাইসেন্সের জন্য যেতে চায় না। গাড়ি চালাতে হলে তাদের অবশ্যই সেখানে গিয়ে পরীক্ষায় উত্ত্বীর্ণ হয়ে লাইসেন্স আনতে হবে।”

তিনি আরও বলেন, অনেক জায়গায় মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। কাগজপত্র ছাড়াই বহু গাড়ি রাস্তায় চলছে। অনেক গাড়ির ফিটনেস থাকলেও কিছু গাড়ি দেখলে মনে হয় আসলেই এগুলো সংস্কার করা হয় না দীর্ঘদিন ধরে।

গাড়িতে হকার, ভিক্ষুক উঠতে না দেওয়ার বিষয়ে মালিক শ্রমিকরা একমত হন। আরও কয়েকটি বিষয়ে মতৈক্য হয় সভায়-

# অধিকাংশ চালকের সঙ্গে বছরের পর বছর মালিকের দেখা হয় না। ফলে একটি দুর্ঘটনা ঘটলে চালিক পালিয়ে গেলে মালিক তাকে খুঁজে পায় না। চালকদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়াতে প্রতি তিন মাস পর পর কর্মশালার ব্যবস্থা করতে হবে।

# কোনো চালক এক কোম্পানিতে থাকা অবস্থায় অপরাধ করার পর যাতে অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করতে না পারে সেজন্য মালিকপক্ষকে সতর্ক হতে হবে।

# ঢাকার অধিকাংশ বাস চালক নেশাগ্রস্ত। এদেরকে ফেরানো মালিকদেরই দায়িত্ব। সব মালিক ঐক্যবদ্ধ হলে এটা সম্ভব। নেশার বিরুদ্ধে চালকদের সচেতন করতে হবে।

# ভবিষ্যতে কোনো চালক যদি ধর্ষণের মতো অপরাধ করে মালিককে তার দায়িত্ব নিতে হবে। তার ঠিকানা অবশ্যই মালিকের কাছে সংরক্ষিত থাকতে হবে।

# মাঝে মধ্যে টার্মিনালে সভা করে চালকদের অপরাধমূলক কাজ সম্পর্কে সচেতন করতে হবে।