শেষ হল দশম সংসদের ২০তম অধিবেশন
শেষ হল সংসদের ২০তম অধিবেশন, সংক্ষিপ্ত এই অধিবেশনের মোট কার্যদিবস ছিল পাঁচটি।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা সংসদের এই অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়েছিল।
বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার এসময় সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে ৫টি।
কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৩০ টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ৬টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে ৪টি সংসদে আলোচিত হয়। ৭১ এর ক বিধিতে ৫৮টি নোটিশ আলোচনা হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৬৩টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ১৩টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য এক হাজার ১৬৪ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ৩৮৭টির।
অধিবেশনে সংসদ বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তার বিল ও সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল উত্থাপন হয়েছে।
এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
