২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রমনায় বোমার মামলা

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আট আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং আপিলের শুনানি হাই কোর্টে থমকে থাকায় জন্য বিচারপ্রার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 09:18 AM

Updated : 08 Apr 2022, 06:13 PM

অপরদিকে সাক্ষীরা ঠিকমত হাজির না হওয়ায় ওই ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে ঢিমেতালে।

২০০১ সালে রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা মেরে ১০ জনকে হত্যা করা হয়।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দুই মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়।

ঘটনার প্রায় আট বছর পর দুই মামলায় ১৪ জনকে আসামি করে ২০০৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দায়রা জজ রুহুল আমিন মুফতি হান্নানসহ আট জনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- আকবর হোসেন, আরিফ হাসান সুমন, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান।

তাদের সঙ্গে শাহাদাতউল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহেরকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়।

দণ্ডিত আসামিদের মধ্যে তাজউদ্দিন, বদর, শফিকুর ও আব্দুল হাই পলাতক। আর অন্য এক মামলায় গত বছরের ১২ এপ্রিল প্রধান আসামি মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলেন- মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আরিফ হাসান ওরফে সুমন ওরফে আব্দুর রাজ্জাক, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন, শাহাদাত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া।

হত্যা মামলায় রায়ের পর ২০১৭ সালের ১৭ জানুয়ারি মামলাটি আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাই কোর্টে ওঠে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। এক পর্যায়ে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলে পরে তা ডেথ রেফারেন্স শুনানি হয় এমন একটি বেঞ্চে কার্যতালিকায় আসে।

“সেটি এখন শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চে অপেক্ষমান রয়েছে।”

অন্যদিকে বিস্ফোরক আইনের মামলায় ২০০৯ সালে অভিযোগ গঠনের পর প্রথম সাতজনের সাক্ষ্য নেওয়া হলেও এরপর বিচার কার্যক্রম গতি হারায় সাক্ষী না আসায়। ২০১৫ সালের ২২ মার্চ থেকে সাক্ষীদের প্রতি সমনের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়না জারি করা হচ্ছে।

গত দুই বছরে মাত্র দুইজনের সাক্ষ্য নেওয়া হয়েছে এ মামলায়। সবশেষ গত ৮ মার্চ সাক্ষ্য দেন শংকর চন্দ্র হওলাদার। এ মামলার ৮৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আগামী ১২ এপ্রিল এ মামলায় পরবর্তী তারিখ রয়েছে।

ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঞা বলেন, “মামলার সাক্ষ্যগ্রহণ তাড়াতাড়ি করতে রাষ্ট্রপক্ষ থেকে জোর চেষ্টা চলছে। বিচারক শাহেদ নূর উদ্দিন সাক্ষীদের প্রতি বার বার সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চলেছেন।

“কিন্তু সাক্ষীরা এর আগে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ায় আবার কেন সাক্ষ্য দিতে হবে বুঝতে না পেরে আদালতে আসছে না। তারা আবার সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন।”