২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে

গত বছরের প্রথম তিন মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার তার আগের বছরের একই সময়ের থেকে ২১ দশমিক ৭২ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 06:21 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৭ ও ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হারের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, গত জানুয়ারি থেকে মার্চ মাসে সাতটি মন্ত্রিসভা বৈঠকে ৬৩টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৩টির, ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮ দশমিক ২৫ শতাংশ।

২০১৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে ১০টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ১০১টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৭টি। আর ৫৪টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৪৬ দশমিক ৫৩ শতাংশ।

শফিউল জানান, গত জানুয়ারি থেকে মার্চ মাসে মন্ত্রিসভা বৈঠকে চারটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে ১৫টি আইন।

আর ২০১৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে মন্ত্রিসভা বৈঠকে আটটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং পাঁচটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে ১০টি আইন পাস হয়।