‘ভারত সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনতে চায়’
শুধু বাংলাদেশ নয়, ভারতও সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পিএসআর অনজনি অলু।
শনিবার কলকাতার সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সদর দপ্তরে বাংলাদেশের একদল সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
অনজনি অলু পরিসংখ্যান উদ্ধৃত করে জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত তার ফ্রন্টিয়ারের আওতায় সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটেনি। যেখানে গতবছর তিনটি আর তার আগের বছর নয়টি হত্যার ঘটনা ঘটেছিল।
“আমরা এই হত্যার ঘটনা একেবারেই বন্ধ করে দিতে চাই,” বলেন বিএসএফের এই কর্মকর্তা।
তিনি বলেন, “পাকিস্তান সীমান্তে ডিউটি করার সময় গুলি করে হত্যা করলে একজন জওয়ানকে পদক দেওয়া হয়। আর বাংলাদেশ সীমান্তে গুলি করে হত্যা করলে তার তদন্ত করা হয়। প্রমাণিত হলে শাস্তি দেওয়া হয়।
“পাকিস্তান সীমান্তে যে জওয়ান ডিউটি করে সেই জওয়ান যখন বাংলাদেশ সীমান্তে ডিউটিতে যায় তার আগেই তাকে ট্রেনিং এবং মোটিভেশন করা হয়। তাদেরকে বোঝানো হয় এটা ফ্রেন্ডলি রাষ্ট্র। আর পাকিস্তান সীমান্তের ক্ষেত্রে অবৈধভাবে কেউ সীমান্ত পার হলে তাকে গুলি করার জন্য উৎসাহিত করা হয়।”
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “ইয়াবা ক্যারি করা সহজ। কন্ট্রোল করা কঠিন। ফেনসিডিলের ক্ষেত্রে আমাদের এলাকায় ফেনসিডিলের কারখানা রায়েছে এগুলো বন্ধের চেষ্টা করা হচ্ছে।”
সীমান্তে দায়িত্ব পালনের সময় বিএসএফ জওয়ানরা চোরাকারবারিদের হামলার শিকার হচ্ছে বলে জানান অনজনি অলু।
“চোরাকারবারীরা বুঝে গেছে এখানে নন লিথাল উইপন ব্যবহার করা হয়।এ কারণে সীমান্তে বিএসএফর ওপর আক্রমণ হচ্ছে। আক্রমণকারীরা দা, লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে।”
তিনি জানান, ২০১৭ সালে দুইজন বিএসএফ সদস্য নিহত হয়েছে চোরাকারবারিদের হামলায়। এছাড়া ২০১৬ সালে চোরাকারবারীদের হামলায় ৪৮ জন বিএসএফ সদস্য, ২০১৭ সালে ৭০ জন আর এবছর মার্চ পর্যন্ত তিনজন জওয়ান আহত হয়েছেন।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের সেক্টর রয়েছে পাঁচটি। এর মধ্যে ৬৪ ব্যাটালিয়নের সীমান্ত দিয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটে বলে তিনি জানান।
বিএসএফর আমন্ত্রণে গত বৃহস্পতিবার ১২ জন সাংবাদিক সীমান্ত পরিদর্শনে ভারতে আসেন। ওইদিনই তাদেরকে ক্রাইম ফ্রি জোনের আট দশমিক তিন কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা ঘুরিয়ে দেখানো হয়।
শুক্রবার উত্তর ২৪ পরগনার টাকি এলাকা ও পরে সুন্দরবন সীমান্ত পরিদর্শন করেন সাংবাদিকরা।
