হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শাহরিন
নেপালে বেড়াতে গিয়ে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদ ২৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে তারা শাহরিনকে ছাড়পত্র দেন।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।
আহতদের মধ্যে ঢাকার স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার জুনিয়র এই প্রোগ্রাম অফিসার শাহরিনকে কাঠমান্ডু মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। পরে ১৫ মার্চ বিকালে কাঠমান্ডু থেকে দেশে এনে তাকে সরাসরি ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।
এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিন জনের কবির হোসেনের বাঁ পায়ের ক্ষত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাত দিয়ে সামন্তলাল বলেন, “কবির হোসেনের ডান পা তো কেটে ফেলা হয়েছে। বাঁ পায়ে একটু সমস্যা হচ্ছে, ইনফেকশনটা কনট্রোল হচ্ছে না।”
বিমান দুর্ঘটনায় দুই পায়ের হাঁটুর নিচ থেকে অনেক জায়গায় ভেঙে যায় কবির হোসেনের। তাছাড়া শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
দেশে আনার পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। ঢাকার চিকিৎসকরা তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলার পক্ষে মত দেন।
সে সময় পরিবার তাকে সিঙ্গাপুরে নেওয়ার আগ্রহ জানালে ২৬ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে কবিরকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নেপালে দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন কেবল স্বামী-সন্তান হারা আলমুন নাহার অ্যানি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। মেন্টাল ট্রমা থেকে কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার উন্নতি হওয়ায় তাকেও শিগগিরই ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে চিকিৎসকরা আশা করছেন।
