২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে খালেদার কাছে কোকোর স্ত্রী

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউ হাসপাতালে যাওয়ার পর সেখানে ছোট ছেলের বউ ও নাতনীদের সঙ্গে কথা হল খালেদা জিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারেক হাসান নির্ঝর, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 12:41 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

বিএনপি চেয়ারপারসনকে শনিবার কারাগার থেকে হাসপাতালে নেওয়ার খবর শুনে দুই মেয়েকে নিয়ে বিএসএমএমইউতে উপস্থিত হন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগার থেকে বেলা সাড়ে ১১টার দিকে খালেদাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। আধা ঘণ্টা পর দুই মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হন শর্মিলা।

তারা গাড়ি থেকে নেমে তারা কেবিন ব্লকে ঢুকতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।

এরপর হাসপাতাল প্রাঙ্গণে গাড়ির ভেতরেই কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। তখন তাদের ঘিরে জটলা করে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের একদল নেতা-কর্মী।

এরপর তারা হাসপাতালের পরিচালকের কক্ষে ঢোকেন।

অন্যদিকে খালেদা জিয়া ছিলেন কেবিন ব্লকে ৫১২ নম্বর কেবিনে। সেখানে চিকিৎসকরা তার সঙ্গে কথা বলার পর তিনি এক্স করাতে যান রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে।

ওই সময় একফাঁকে শর্মিলা দুই মেয়েকে নিয়ে শাশুড়ির সঙ্গে কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও খালেদার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এক ফাঁকে কারা কর্তৃপক্ষের সাথে আলাপ করেই তাদেরকে সেখানে পৌঁছিয়ে দিয়েছে। সিথিঁর সাথে ম্যাডামের কথা হয়েছে। নাতনীদের সাথেও তিনি কথা বলেছেন।”

Image
স্বামীর মৃত্যুর পর কবর জিয়ারতে সন্তানদের নিয়ে শর্মিলা রহমান (ফাইল ছবি)

স্বামীর মৃত্যুর পর কবর জিয়ারতে সন্তানদের নিয়ে শর্মিলা রহমান (ফাইল ছবি)

এছাড়া বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠনের নেতা এ জেড এম জাহিদ হোসেন,  এ কে এম আজিজুল হক, সিরাজউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম এবং আইনজীবী খোকন ও সানাউল্লাহ মিয়াও খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

খালেদার স্বাস্থ্য পরীক্ষাকে কেন্দ্র করে বিএসএমএমইউতে সকাল থেকে ছিল পুলিশের কড়াকড়ি। বিএনপির নেতা-কর্মীরা জড়ো হলেও তাদের বেশিরভাগই ফটক দিয়ে ঢুকতে পারেননি। কয়েকজনকে আটকও করে পুলিশ। 

Image
দলীয় প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার খবর শুনে বিএসএমএমইউতে গেলে ফটক থেকেই পুলিশ ফিরিয়ে দেয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে। ছবি: মাহমুদ জামান অভি

দলীয় প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার খবর শুনে বিএসএমএমইউতে গেলে ফটক থেকেই পুলিশ ফিরিয়ে দেয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে। ছবি: মাহমুদ জামান অভি

সকাল সাড়ে ১১টায় কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে খালেদা জিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশের একটি গাড়ি, যার নম্বর ই-ন, ৫০৪০। 

কেবিন ব্লকের সামনে গাড়িটি থামার পর একটি হুইল চেয়ার আনা হয়। সেখানে ছিলেন হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

গাড়ির দরজা খোলার পর হুইল চেয়ারটি আনা হলে খালেদা জিয়া হাসপাতালের পরিচালককে বললেন, ‘‘এটার প্রয়োজন নেই, আমি হেঁটেই যাব।”

এরপর আলোকচিত্র সাংবাদিকদের অনুরোধে ছবি তুলতে একটু থামেন তিনি; এসময় সাংবাদিকরা ‘কেমন আছেন’ প্রশ্ন করলেও তিনি কোনো জবাব দেননি।

পুলিশি বেষ্টনির মধ্যে খালেদা জিয়াকে ১৯ নম্বর লিফটে নিয়ে যাওয়া হয়। তিনি পাঁচ তলায় ৫১২ নম্বর কক্ষে যান। সেখানে চারজন চিকিৎসক তার সঙ্গে গিয়ে কথা বলেন।

Image
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর দুই মাসে এই প্রথম বের হলেন খালেদা জিয়া

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর দুই মাসে এই প্রথম বের হলেন খালেদা জিয়া

তারা হলেন- খালেদার ব্যক্তিগত চিকিৎসক হদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এফ এম সিদ্দিকী ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুর রহমান। অন্যজন কারাগারের এক চিকিৎসক।

খালেদা জিয়ার পছন্দেই এই চিকিৎসকদের ডাকা হয় বলে হাসপাতালের পরিচালক জানান; এই চিকিৎসকরা কেউ তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য নন।

সাড়ে ১২টার দিকে খালেদা জিয়া কেবিন ব্লক থেকে নেমে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে যান হেঁটেই। সেখানে কক্ষ নং ১/এ তে তার হাঁটু ও হাতের এক্স রে হয়।

Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া; দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর দুই মাসে এই প্রথম বের হলেন তিনি। ছবি: আসিফ মাহমুদ অভি

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া; দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর দুই মাসে এই প্রথম বের হলেন তিনি। ছবি: আসিফ মাহমুদ অভি

দেড়টার আগে এক্স রে বিভাগের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসেন খালেদা।

সেখান থেকে হেঁটে গাড়িতে ওঠেন তিনি। ওঠার আগে বিভিন্ন ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকা বিসিএমএমইউর কর্মচারী, রোগীর স্বজনদের উদ্দেশে হাত নাড়েন তিনি।

দেড়টায় র‌্যাবসহ পুলিশের নিরাপত্তা গাড়িগুলো কারাগারের উদ্দেশে হুইসেল বাজিয়ে যেতে শুরু করেন। এই সময় গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতা মওদুদ আহমদ, আমানউল্লাহ আমান ও মাহবুবউদ্দিন খোকন কাছে এসে তাদের নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Image
হাসপাতালে জড়ো হওয়ার বিএনপি সমর্থকদের কয়েকজনকে আটকও করে পুলিশ

হাসপাতালে জড়ো হওয়ার বিএনপি সমর্থকদের কয়েকজনকে আটকও করে পুলিশ

হাসপাতালে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফজুলল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, তাবিথ আউয়াল, নজরুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম বাচ্চু, রফিকুল ইসলাম।

বিএনপি সমর্থক চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে খালেদা