২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি এসেছে জাতিসংঘের কাছ থেকে; কিন্তু ‘প্রকৃত মানুষ’ হয়ে ওঠার পথে বাংলার মানুষ এগিয়েছে কতটা? 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 12:42 AM

Updated : 11 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

চারুকলায় বৈশাখী প্রস্ততি

মানবিক চেতনার উন্মেষ আর শুভবোধের জাগরণের প্রত্যাশায় লালনের দর্শনের শরণ নিয়ে বঙ্গাব্দ ১৪২৫ কে বরণ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

ঢাকায় বর্ষবরণের মূল আয়োজনটি হয় রমনা বটমূলে। বৈশাখের প্রথম প্রভাতে ছায়ানটের সঙ্গে গানে গানে নতুনের আবাহনের এই আনুষ্ঠানিকতা চলছে পাঁচ দশক ধরে।

বৈশাখ বরণের এই উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত আয়োজন মঙ্গল শোভাযাত্রা। ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে; শোলার পাখি, টেপা পুতুল হাতে নিয়ে বৈশাখী সাজে সব বয়সের সব শ্রেণি পেশার মানুষের এই শোভাযাত্রা এখন ইউনেস্কোর ‘ইনটেনজিবল হেরিটেজ’ এর অংশ।

প্রতি বছর এ শোভাযাত্রা নতুন আঙ্গিকে সাজে। আবহমান বাংলার প্রতীকী উপস্থাপনার সঙ্গে প্রাধান্য পায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ; বাঙালির আনন্দ, দ্রোহ আর প্রত্যাশা মূর্ত হয়ে ওঠে তারুণ্যের রঙে।

Image
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি বিভিন্ন সরঞ্জামে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান বাংলার নানা ঐতিহ্য। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি বিভিন্ন সরঞ্জামে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান বাংলার নানা ঐতিহ্য। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মঙ্গল শোভাযাত্রা আয়োজন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক হয়েছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার এবারের শিল্পকাঠামোগুলো।

“মঙ্গল শোভাযাত্রা এখন শুধু বাংলাদেশের বিষয় নয়, এটি এখন বিশ্ব ঐতিহ্য। সুতরাং এর একটি বৈশ্বিক প্রেক্ষাপট রয়েছে। এ বছর আমরা লালন সাঁইজির গান থেকে প্রতিপাদ্য নির্ধারণ করেছি। মানুষের মধ্য প্রকৃত মানুষ হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা, এই প্রতিপাদ্যের মাধ্যমে সেই বারতাই ধ্বনিত হবে।”

চারুকলার এই শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক দশকে বাংলাদেশ নানা ক্ষেত্রে এগিয়ে গেলেও মানবিক চেতনার উন্মেষ ঘটাতে না পারলে সব অর্জন ‘অর্থহীন হয়ে যাবে’।

“এবারের প্রতিপাদ্যকে ধারণ করে আমরা বিশ্ব মানব হয়ে উঠতে চাই। মানবিকতার বোধ, বিবেচনাবোধের চর্চার মধ্য দিয়ে আমরা যেন নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কাজে আরও বেশি নিয়োজিত করতে পারি, সেই আহ্বানই থাকবে এবারের মঙ্গল শোভাযাত্রায়।”

এ বছর মঙ্গল শোভাযাত্রার আয়োজনে নেতৃত্ব দিচ্ছে চারুকলা অনুষদের বিংশতম ব্যাচের শিক্ষার্থীরা। অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে পাঁচ শতাধিক শিল্পীর অংশগ্রহণে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। অধ্যাপক শিশির ভট্টাচার্য্যকে আহ্বায়ক করে গঠিত ৩৫ সদস্যের কমিটি পুরো আয়োজনের সমন্বয় করছে।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীর তৈরি বৈশাখী মুখোশের ছবি তুলছেন একজন দর্শনার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীর তৈরি বৈশাখী মুখোশের ছবি তুলছেন একজন দর্শনার্থী।

এই কমিটির যুগ্ম আহ্বায়ক আফি আজাদ বান্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার মঙ্গল শোভাযাত্রার পুরোভাগে থাকবে মহিষ, পাখি ও ছানা, হাতি, মাছ ও বক, জাল ও জেলে, টেপা পুতুল, মা ও শিশু এবং গরুর আটটি শিল্পকাঠামো।

এখন সেগুলোর নির্মাণ কাজ চলছে। কাঠামো তৈরি শেষ হলে তাতে কাগজ জুড়ে রঙ দেওয়ার কাজ শুরু হবে।

এ বছর প্রথমবারের মতো টেপা পুতুলের ছেলে ফর্ম নির্মাণ করছেন শিল্পীরা। টেপা পুতুলকে বসানো হবে একটি সাইকেলের ওপর।  মঙ্গল শোভাযাত্রায় মহিষও আসছে এবারই প্রথম।

বান্টি বলেন, “বরাবরের মত বাংলার লোকজ ফর্মকে প্রাধান্য দিয়েই সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। প্রতিটি প্রতীকেই থাকবে বার্তা।  মাতৃত্ব, ভাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা-সহমর্মিতার বার্তা থাকছে এসব কাঠামোতে। এছাড়া বরাবরের মতই রাজা-রাণী, ফুল থাকবে সামনের দিকে।”

বাঙালির প্রাণের উৎসবের এই প্রস্তুতি চলছে চারুকলা অনুষদের মাঠে। পাশাপাশি জয়নুল গ্যালারির সামনে একদল শিক্ষার্থী ও শিক্ষক মুখোশ তৈরি, পেইন্টিং আর সরাচিত্র আঁকায় ব্যস্ত। জয়নুল শিশু নিকেতনের সামনে সুতোয় ঝুলছে হরেক রকম পাখি।

কাগুজে পাখিতে রঙ লাগাতে লাগাতে চারুকলার ছাত্রী সঞ্চিতা বিশ্বাস জানান, পাখি, মাছ, ফুলের পাশাপাশি পেইন্টিং, সরাচিত্র আর মুখোশ বিক্রি থেকে শোভাযাত্রা আয়োজনের খরচ আসবে।

Image
বর্ষবরণ উৎসব সামনে রেখে চারুকলায় চলছে মুখোশ তৈরির কাজ

বর্ষবরণ উৎসব সামনে রেখে চারুকলায় চলছে মুখোশ তৈরির কাজ

মঙ্গল শোভাযাত্রার তহবিল গঠনে বিক্রির জন্য রাখা শিল্পকর্মগুলোর মধ্যে জলরঙে শিক্ষকদের আঁকা ছবিগুলোর দাম ধরা হয়েছে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা। শিক্ষার্থীদের আঁকা ছবির দাম শুরু হয়েছে ১৫০০ টাকা থেকে।

এছাড়া বড় সরার দাম ৪০০ থেকে ১৫০০ টাকা, ছোট সরা ২০০ থেকে ৫০০ টাকা, বাঘ ও পেঁচার মুখোশ ১ হাজার থেকে ১৫০০ টাকা পড়বে। ১৫০ টাকায় ছোট পাখি, ২০০ টাকায় জোড়া পাখি পাওয়া যাবে।

চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার এই প্রস্তুতি শেষ হবে চৈত্র সংক্রান্তিতে। বৈশাখের প্রথম দিন সকাল ৯টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা।

বিভিন্ন লোকজ শিল্প কাঠামো নিয়ে এ শোভাযাত্রা চারুকলার সামনে থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) চত্বর ঘুরে চারুকলার সামনে এসে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

অধ্যাপক নিসার হোসেন জানান, গত ১৫ মার্চ ছবি এঁকে এ বছরের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্বের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী।

১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো  আনন্দ শোভাযাত্রা বের হয়। প্রথম শোভাযাত্রায় ছিল পাপেট, ঘোড়া, হাতি। তার পরের বছরে আনন্দ শোভাযাত্রা বের হয় চারুকলার সামনে থেকে। এরপর এ আয়োজন বাংলা বর্ষ বরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠে।

চারুকলার আনন্দ শোভাযাত্রা ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পায় ১৯৯৬ সালে। ২০১৬ সালের নভেম্বরে তা জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘ইনটেনজিবল হেরিটেজ’ -এর স্বীকৃতি পায়।