বিপদে মানুষের পাশে থাকলেই দ্রুত বদলাবে পুলিশের ভাবমূর্তি: আইজিপি
তাৎক্ষণিকভাবে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে দ্রুতই পুলিশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শুক্রবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন পুলিশ মহাপরিদর্শক।
মানুষ বিপদে পড়লেই থানার শরণাপন্ন হয় মন্তব্য করে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারেন, তাকে যদি আশ্বস্ত করতে পারেন যে, আমরা আপনার পাশে আছি, চেষ্টা করব সমস্যা সমাধান করার জন্য।..
“তাৎক্ষণিকভাবে রেসপন্স করলে পুলিশের সুনাম আরও বেড়ে যাবে। আপনারাই বদলে দিতে পারেন পুলিশের ইমেজ।”
সমস্যার শতভাগ সমাধান করা সম্ভব না হলেও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান জাবেদ।
“আপনারা যদি এমন প্রতিজ্ঞা করেন যে, কাল থেকেই আপনাদের কাছ থেকে মানুষ ভাল ব্যবহার পাবেন, সমস্যা সমাধানে সচেষ্ট হবেন, তাহলেই দেখবেন রাতারাতি পুলিশের ইমেজ পরিবর্তন হয়ে যাবে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “দেশের পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষ। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলেন আজকে সেই জায়গাতে বাংলাদেশের পুলিশ এসেছে। জনগণের আস্থার জায়গা পৌঁছেছে।”
পুলিশের দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণে আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। উনি সব জানেন, একের পর এক সব দাবি পূরণ করা হবে।”
বাংলাদেশ পুলিশ অ্যাসেসিয়েশনের নতুন কমিটির সভাপতি ও মতিঝিল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ, মহানগর পুলিশ মতিঝিল জোনের অতিরিক্ত কমিশনার এস এম শিবলী নোমান বক্তব্য দেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
