২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত হারানো রাজীব ঢাকা মেডিকেলে, আরেক বাসচালকও গ্রেপ্তার

ঢাকায় দুই বাসের রেষারেষিতে একটি হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনকে শমরিতা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 08:29 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

এদিকে পলাতক স্বজন পরিবহনের চালক মোরশেদ আলমকেও বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিআরটিসির বাসটির চালককেও গ্রেপ্তার করা হয়।

বিআরটিসি বাসটিতে কলেজে যাওয়ার পথে মঙ্গলবার কারওয়ান বাজারে স্বজন পরিবহনের বাসটির সঙ্গে লেগে রাজীবের (২২) ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তাকে সঙ্গে সঙ্গে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে বুধবার তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঢাকা মেডিকেলে ১০১ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বিছানায় এখন আছেন রাজীব।

রাজিবের মামা জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে কথা বলছে। সে বুঝতে পারছে তার ডান হাত নেই। বাম হাত দিয়ে ক্ষতস্থান ধরে শুধু বলছে ব্যান্ডেজ খুলে দিতে। আর চোখ দিয়ে খালি পানি পড়ছে।”

বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসা ব্যয় বহন সম্ভব না হওয়ায় সরকারি ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জাহদ জানিয়েছেন।

তিনি বলেন, “শমরিতা হাসপাতালের ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব না।”

শমরিতা হাসপাতালে যোগাযোগ করে জানা যায়, রাজীবের চিকিৎসা বাবদ বিল হয়েছে ১ লাখ ২৬ হাজার ৯০০ টাকা। এর মধ্যে ৩৫ হাজার টাকা রাজীবের পরিবার পরিশোধ করেছে। ছাড় দিয়ে এখন বকেয়া আছে ৭৩ হাজার টাকা।

শমরিতা হাসপাতালের মহাব্যবস্থাপক নূরুল ইসলাম তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তির পরপরই রাজীবকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়। জরুরি অস্ত্রোপচারও করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে বিল এসেছে তার মধ্যে কিছু তারা পরিশোধ করেছে। আর মোট বিলের কিছু অংশ ছাড় দেওয়া হয়েছে। যা বাকি আছে, তারা যে কোনো সময় দিয়ে যেতে পারে। এরপরেও তাদের যদি কোন সমস্যা থাকে, হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে সেটাও বিবেচনা করবে।”

রাজীব থাকেন যাত্রাবাড়ী। তার বাবা-মা কেউ বেঁচে নেই। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

মামা জাহিদুল বলেন, “পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার টাইপ করে তার নিজের এবং ছোট দুই ভাইয়ের খরচ চালাত সে।”

এদিকে স্বজন পরিবহনের চালক মো. মোরশেদকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয় বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন। বিআরটিসির চালক ওয়াহিদকে ঘটনার পরপরই আটক করা হয়।

“আগামীকাল (বৃহস্পতিবার) তাদের দুইজনকে আদালতে পাঠানো হবে,” বলেন ওসি।

এদিকে রাজীবের চিকিৎসা ব্যয় বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে বহন করার নির্দেশ দিয়েছে হা্ি কোর্ট।

সেই সঙ্গে রাজীবকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

পুরনো খবর:

বাসের বেপরোয়া গতিতে হাত হারালো তিতুমীর কলেজ শিক্ষার্থী
হাত হারানো রাজীবের চিকিৎসা ব্যয় দিতে হবে বাস মালিকদের