হাকিমের জামিন এখতিয়ার প্রশ্নে বৃহত্তর বেঞ্চ গঠনের সুপারিশ
বিশেষ আইনের মামলায় বিচার শুরুর আগে বিচারিক হাকিম (ম্যাজিস্ট্রেট) আদালত কোনো আসামিকে জামিন দিতে পারে কিনা, তা নিষ্পতির জন্য প্রধান বিচারপতির কাছে বৃহত্তর বেঞ্চ গঠনের সুপারিশ করেছে হাই কোর্টের একটি বেঞ্চ।
অর্থ পাচার মামলায় এবি ব্যাংকের দুই কর্মকর্তার জামিনের বিরুদ্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বুধবার সিদ্ধান্ত না দিয়ে এই সুপারিশ করে।
সেই সঙ্গে ওই মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছে এই বেঞ্চ।
আদেশে বিচারক বলেন, “এ ধরনের বিশেষ আইনের মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে হাই কোর্টের কয়েকটি বেঞ্চের পৃথক সিদ্ধান্ত রয়েছে। তবে আপিল বিভাগের কোনো সিদ্ধান্ত আমরা পাইনি।
“তবে কলকাতা হাই কোর্টের একটি নজির আমরা পেয়েছি। সেখানে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারে না। এ কারণে বৃহত্তর বেঞ্চে বিষয়টির নিষ্পতি হওয়া প্রয়োজন এবং আইনগত বিষয়গুলোও নিষ্পত্তি হওয়া দরকার বিধায় মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হল।”
বিচারক বলেন, আগে এত বিশেষ আইন ছিল না। এখন যেহেতু হয়েছে, সেহেতু বিচার শুরুর আগে ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
“সুতরাং এ মামলার আসামিদের জামিন প্রশ্নে সিদ্ধান্ত হবে পরে। আগে আইনি বিষয়ে নিষ্পতি হোক।”
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও ব্যাংক কর্মকর্তাদের পক্ষে আসাদুর রউফ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবীরা জানিয়েছেন, প্রধান বিচারপতি এখন তিনজন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেবেন। সেখানেই জামিনের বিষয়টির নিষ্পত্তি হবে।
এবি ব্যাংকের আইনজীবী আসাদুর রউফ সাংবাদিকদের বলেন, যেহেতু হাই কোর্ট জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি, সেহেতু দুই ব্যাংক কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন আপাতত বহাল থাকছে।
তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, হাই কোর্ট যেহেতু বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে, সেহেতু এখন প্রধান বিচারপতির আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে গত ৩১ জানুয়ারি রুল জারি করে হাই কোর্ট।
সেই সঙ্গে এ দুই কর্মকর্তা যেন দেশ ছেড়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই মামলার নথি হাই কোর্টে পাঠাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতকে নির্দেশ দেয় আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দিয়েছিল।
মতিঝিল থানায় গত ২৫ জানুয়ারি দায়ের করা এ মামলায় ওয়াহিদুল ও আবু হেনাকে জামিন দিলেও ঢাকার মহানগর হাকিম আবু সাইদ আরেক আসামি সাইফুল হককে রিমান্ডে পাঠায়।
বিষয়টি নজরে আসায় গত ৩১ জানুয়ারি হাই কোর্ট ওই জামিনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে রুল দেয়।
