এমসিকিউ বাতিল নয়, প্রশ্ন ফাঁসের মূল কারণ অনুসন্ধানে জোর বিশেষজ্ঞদের
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ না দিয়ে বরং প্রশ্ন ফাঁসের মূল কারণ খুঁজে বের করে তা সমাধানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি সোমবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার থেকে বহুনির্বাচনী প্রশ্ন বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় এই প্রতিক্রিয়া পাওয়া যায়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, প্রশ্ন ফাঁস এড়াতে ‘গুণীদের পরামর্শে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হতে হতে এখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই পরীক্ষার প্রশ্নও ফাঁস হচ্ছে। নানা পদক্ষেপেও প্রশ্ন ফাঁস ঠেকাতে পারছে না সরকার।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য সরকার এমসিকিউ তুলে দিয়েছে। কিন্তু যে কারণে এই প্রশ্নপত্র ফাঁস এবং যে কারণে এটা ঘটে চলেছে, তার গোড়ায় আমরা যাচ্ছি না। আমাদের মূল কারণটা বের করতে হবে।”
রাশেদা কে চৌধুরী
পাবলিক পরীক্ষার চাপের কথাও বলেন তিনি।
“শিক্ষার্থীরা উদ্বেগে শিক্ষকদের পেছনে দৌড়ায়। শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় ছুটতে গিয়ে একদিকে কোচিং সেন্টারের রমরমা ব্যবসা, গাইড বই আর আরেক দিকে প্রশ্ন ফাঁসের অনৈতিক বাণিজ্য- এই অবস্থায় আছে আমাদের শিক্ষার্থীর অবস্থা।”
প্রশ্ন ফাঁসের প্রতিকার করতে না পারলে প্রাথমিক শিক্ষা সমাপনীর বহুনির্বাচনী প্রশ্ন বাদ দিলেও অসাধু চক্র প্রশ্ন ফাঁস করবে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
সে কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট তুলে দেওয়া জরুরি বলেও মনে করেন তিনি।
“আমরা গবেষণা করে দেখেছি এটা কোচিং বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে। অভিভাবকরা কোচিংমুখী হচ্ছে। এটি তুলে দেওয়া খুব জরুরি।”
প্রাথমিক সমাপনী পরীক্ষা তুলে দেওয়ার কথা শিক্ষাবিদরা বলে আসছেন বহু দিন ধরে। তবে সেই প্রস্তাব নাকচ করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমসিকিউ পদ্ধতি উঠিয়ে দেওয়ার পক্ষে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামও মনে করেন, প্রশ্ন ফাঁসের কারণ খোঁজাটা আগে দরকার।
তিনি বলেন, “এমসিকিউ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মেধাহীন করাটা একটি চক্র। এমসিকিউ তুলে দিলে প্রশ্নপত্র ফাঁস অনেকটাই কমবে। তবে এটিই একমাত্র সমাধান নয়।”
সৈয়দ মনজুরুল ইসলাম
সৃজনশীল পরীক্ষার খাতাগুলো দেখার ক্ষেত্রে শিক্ষকদের সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
এই অধ্যাপক বলেন, “শিক্ষকরা খাতা ভালো করে না দেখেই নাম্বার দেন। কিন্তু এই খাতাটা যদি ভালোভাবে দেখা না হয়, তাহলে শিক্ষার্থীর মূল্যায়নটাও সঠিকভাবে হবে না। এর মাধ্যমে জ্ঞান যাচাই করা যায় না। লেখাটা দেখার জন্য ভালো করে পরীক্ষার খাতাটা দেখতে হবে।”
শিক্ষকদের খাতা দেখার পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার সুপারিশ এই অধ্যাপকের।
“র্যানডমলি খাতা না দেখে তৃতীয় পক্ষের মাধ্যমে মডারেট করার ব্যবস্থা থাকলে শিক্ষকরা খাতা দেখার ব্যাপারে সতর্ক হবেন। তাদের একটু ভালো করে বুঝিয়ে বললেই তারা দেখবেন।”
প্রশ্ন ফাঁস রোধে সরকারের পরামর্শক হিসেবে কাজ করা বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের সিদ্ধান্তে।
তিনি বলেন, “নিশ্চয়ই বিশেষজ্ঞরা মিলে গবেষণা করে এই সিদ্ধান্তটা জানিয়েছে।
“এমসিকিউ পদ্ধতি চালুর একটা বিশেষ কারণ আছে। রচনামূলক প্রশ্নের যখন আমরা মূল্যায়ন করি, তখন একই রকম লেখা আমরা ভিন্নভাবে মূল্যায়ন করি, মূল্যায়নের মধ্যে অসমতা তৈরি হয়। কিন্তু এমসিকিউতে এটি হয় না।”
এমসিকিউ পদ্ধতি তুলে দিয়ে নয়, বরং এর জন্য সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন তিনি।
পিইসি পরীক্ষার ভালো ফলে উল্লাসের এই চিত্র গত বছরের; আগামী পরীক্ষাটি হবে ভিন্ন পদ্ধতিতে
এদিকে বহুনির্বাচনী প্রশ্ন বাদ দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে অভিভাবকদের কাছ থেকে।
মিরপুরের এম ডি সি মডেল ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক সায়মা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাচ্চাদের জন্য এই সমাপনী পরীক্ষাগুলো এমনিতেই খুব চাপের। এমসিকিউ থাকলে ওদের নম্বর পাওয়াটা সহজ হয়।
“তিনটা মাস চলে গেছে, এখন হুট করে এমসিকিউ বাদ দেয়াটা উচিত হয়নি। আগামী বছর থেকে এটি হলে আরও ভাল হত।”
মোহাম্মদপুরের একটি বেসরকারি স্কুলের অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমসিকিউ পদ্ধতি তুলে দেওয়াটা ভালো উদ্যোগ। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত বছরের শুরুতেই নেওয়া উচিত।”
